বাংলা উগ্রপন্থী ও রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে, মমতার সরকারকে কটাক্ষ দিলীপের
বাংলা উগ্রপন্থী ও রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে, মমতার সরকারকে কটাক্ষ দিলীপের
পশ্চিম বাংলা বর্তমানে উগ্রপন্থীদের এবং রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এখানকার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। উত্তর ২৪ পরগনার বরানগরের টবিন রোডে চায়ে পে চর্চা অনুষ্ঠানে রাজ্য পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কটাক্ষ করে রাজ্যে জঙ্গি সংগঠনের প্রসঙ্গ তুলে ধরে এমনই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

তিনি বলেন, উগ্রপন্থীরা অন্য রাজ্য থেকে ধাওয়া খেয়ে এসে এখানে আশ্রয় নেয়। পশ্চিম বাংলা বর্তমানে উগ্রপন্থীদের এবং রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এখানকার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। কুচবিহারে সম্প্রতি ৬ জন উগ্রপন্থী ধরা পড়েছে। উত্তরবঙ্গে আমার উপর যে হামলা করা হয়েছে তা বহিরাগতরা করেছে।
তিনি বলেন, খুব ভালো করে হামলাকারীদের মুখগুলো সামনে থেকে দেখলেই বোঝা যাবে ওরা ভারতীয় নয়, রোহিঙ্গা। এরাই তৃণমূলের হয়ে ভোট করে তৃণমূলকে জেতায়। এমনকি বাংলাদেশের খালেদাজিয়া বলছে, ভারত থেকে দুষ্কৃতীরা বাংলাদেশে গিয়ে অত্যাচার করছে। খুবই চিন্তার বিষয়, দেশের সুরক্ষার বিষয় নিয়ে যখন রাজনীতি করা হচ্ছে তখন তা চিন্তার। তাই এই তৃণমূল সরকার পরিবর্তনের সময় এসেছে।
তিনি আরও বলেন, এক সময় শুনেছিলাম আমার নাম জঙ্গিদের হিটলিস্টে ১ নম্বরে আছে। তবে ভয় পেলে চলবে না। এই সরকার ক্ষমতা থেকে চলে গেলে বাংলায় শান্তি ফিরবে। রবিবার সকালে দিলীপ ঘোষ বরানগরের টবিনরোড সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন । প্রথমে তিনি গাড়ি করে ডানলপ মোড়ে আসলে সেখান থেকে তাকে ঘোড়ায় টানা গাড়িতে করে টবিন রোডে নিয়ে যান বিজেপি কর্মীরা।
সেখানে ফিরহাদ হাকিমের প্রসঙ্গ টেনে বলেন, "তৃণমূলের যে নেতারা আমাকে নিয়ে কুকথা বলছে, তারা নিজেরা পিছনের দরজা দিয়ে গিয়ে ফের ক্ষমতায় বসেছে। তারা আসলে হেরে বসে আছে। নৈতিক ভাবে ক্ষমতা হারিয়েছে। আগামী মে মাসে তারা চলে যাবে।"
দিলীপ বাবু এদিন বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "বাংলায় মে মাসে বিজেপি ক্ষমতায় আসবে। বাংলার মানুষ ৪০% ভোট দিয়ে বিজেপিকে লোকসভায় এগিয়ে রেখেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম, তৃণমূল, কংগ্রেস, মিম সবাই একজোট হয়ে লড়লেও বিজেপি একক ভাবে বাংলায় ক্ষমতা দখলের জায়গায় পৌঁছে গেছে।
তিনি বলেন, ওরা অত্যাচারী, ওদের বাংলার মানুষ ভোট দেবে না। বাংলায় বিজেপি একমাত্র দল যারা আগামীদিনে বিকাশ করবে, উন্নয়ন করবে। পুলিশ দিয়ে ক্ষমতায় বসে থাকা সম্ভব না। ওরা শুধু বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। আমার বিরুদ্ধেও সব মিথ্যা কেস দিয়েছে। আমরা আইনত মামলা লড়ছি। পুলিশ মেরুদন্ডহীন হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications