জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের! পুরসভার পর বিজেপির লক্ষ্যে এবার ‘গভর্নমেন্ট’
লোকসভা ভোটের পর একে একে বিধায়করা ভিড় করছেন বিজেপিতে। আর তাঁদের সঙ্গে পুরসভার কাউন্সিলররাও দল ছাড়ায় পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের।
লোকসভা ভোটের পর একে একে বিধায়করা ভিড় করছেন বিজেপিতে। আর তাঁদের সঙ্গে পুরসভার কাউন্সিলররাও দল ছাড়ায় পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের। এবার পুরসভা-পঞ্চায়েত ছাড়িয়ে তৃণমূলের জেলা পরিষদ ধরে টান দিল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এবার হাতছাড়া হতে বসেছে তৃণমূলের।

১০ জন জেলা পরিষদ সদস্য বিজেপিতে
সোমবার বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে মুকুল রায়-দিলীপ ঘোষ-কৈলাশ বিজয়বর্গীয়দের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন ১০ জন জেলা পরিষদ সদস্য। বিজেপির দাবি, আরও চারজন সদস্য তাঁদের সঙ্গে রয়েছেন। তাঁরা শীঘ্রই যোগ দেবেন বিজেপিতে।

১৮-র মধ্যে বিজেপির সঙ্গে ১৪!
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের আসন ১৮টি। তার মধ্যে ১০ জন ইতিমধ্যেই যোগদান করায় তৃণমূলে হাতছাড়া হচ্ছে জেলা পরিষদ, এমনটাই দাবি বিজেপির। একইসঙ্গে আরও চারজন তাঁদের সঙ্গে রয়েছে বলে জানিয়ে বিজেপি নিশ্চিত করে দিতে চাইছে এই জেলা পরিষদ তাঁদেরই হয়ে গিয়েছে।

বিপ্লব মিত্রের যোগদানে বড় ধাক্কা
দলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তরবঙ্গে ইতিমধ্যেই তৃণমূলের ভিত নাড়িয়ে দেওয়া গিয়েছে বলে মনে করছে বিজেপি। এই যোগদানের পর তৃণমূলের হাতে জেলার কর্তৃত্বও থাকবে না।

বাংলায় রাজনৈতিক ভূমিকম্প
মুকুল রায় বলেন, একটা জেলা পরিষদ মানে একটা গভর্নমেন্ট। এবার সেই গভর্নমেন্টই হাতছাড়া হতে বসেছে তৃণমূলের। তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া এবার শুরু হল। এখনও যোগদানের প্রথম পর্বের এক্সটেনশন চলছে। মোট সাত দফায় যোগদান পর্ব চলবে। সপ্তম দফা সম্পূর্ণ হবে যেদিন, সেদিন আর তৃণমূলের সরকার থাকবে না। বাংলায় রাজনৈতিক ভূমিকম্প চলছে, সেই ভূমিকম্পেই ধসে যাবে তৃণমূল।












Click it and Unblock the Notifications