অমিতের নিরাপত্তায় খামতি, স্বরাষ্ট্র সচিবকে 'চাটুকার' বলল বিজেপি
কলকাতা, ২২ জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের পর এ বার বিজেপির নিশানায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তাঁকে 'আহাম্মক' এবং 'চাটুকার' বলে বর্ণনা করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা।
আরও পড়ুন: বর্ধমানে অমিত শাহ, বিজেপির সভা জমজমাটি
২০ জানুয়ারি বর্ধমানে একটি জনসভা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। এমন হাই-প্রোফাইল লোকজনকে পাইলট কার দেয় পুলিশ। অভিযোগ, অমিত শাহের কনভয়ে পাইলট কার দেওয়া হয়নি। এর জেরেই তোপ দেগেছেন রাহুলবাবু।

তিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় পুলিশকে এমন নির্দেশ দিয়েছেন। নইলে বর্ধমান জেলা পুলিশের সাহস ছিল না এমন সিদ্ধান্ত নেওয়ার। বাসুদেববাবুর উদ্দেশে তাঁর বার্তা, "আপনি আহাম্মকের মতো কাজ করেছেন। কিছু হলে মুখ্যমন্ত্রী বেঁচে যাবেন। কিন্তু আপনাকে ফাঁসতে হবে। আগে নিজেকে বাঁচান। তার পর চাটুকারিতা করবেন। অমিত শাহকে পাইলট কার দেওয়া যাবে না, এই মর্মে লিখিত আদেশ মুখ্যমন্ত্রী কাছ থেকে আপনার নেওয়া উচিত ছিল। অথচ আপনি মৌখিক নির্দেশ পালন করেছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। বেকায়দায় পড়লে মুখ্যমন্ত্রী বলে দেবেন, এমন কোনও নির্দেশ তিনি দেননি। কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি হবে।"
অন্যদিকে, রাহুলবাবুর আবেদন ভিত্তিতে ২৩ জানুয়ারি বীরভূমের সাত্তোর গ্রামে আসছে জাতীয় মহিলা কমিশনের একটি দল। তারা সেই নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলবে।












Click it and Unblock the Notifications