শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি-ত্যাগ যুবনেতার, ফাটল বেড়েই চলেছে পদ্মশিবিরে
বিজেপিতে বিদ্রোহ বাড়ছে। আর ফাটলও চওড়া হচ্ছে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আঙুল উঁচিয়ে পার্টি-ত্যাগ করছেন জেলাস্তরের বহু নেতা।
বিজেপিতে বিদ্রোহ বাড়ছে। আর ফাটলও চওড়া হচ্ছে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আঙুল উঁচিয়ে পার্টি-ত্যাগ করছেন জেলাস্তরের বহু নেতা। শনিবার রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতাদের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি ছাড়লেন হাওড়া জেলা যুব মোর্চার নেতা অমিত ভটাচার্য।

হাওড়াতেও বিজেপির ক্ষোভের আগুন
সম্প্রতি বিজেপিতে রদবদলের পর জেলায় জেলায় নতুন কমিটি গঠন শুরু হয়েছে। জেলা সভাপতি বদলের পর জেলায় যে নতুন কমিটি হচ্ছে তার জেরে অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ছে। কলকাতা তথা উত্তর ২৪ পরগনার পর এবার হাওড়াতেও আছড়ে পড়ল ক্ষোভের আগুন। শনিবার দল ছাড়ার কথা ঘোষণা করে দিলেন হাওড়া জেলার যুব মোর্চার সহ সভাপতি অমিত ভট্টাচার্য।

দলে শুভেন্দুর প্রভাব, বিজেপি ছাড়লেন যুব নেতা
হাওড়া জেলার যুব মোর্চার সহ সভাপতির পদ ছেড়ে অমিত ভট্টাচার্য তোপ দাগেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া গোবিন্দ হাজরাকে বিজেপির জেলা কমিটিতে উচ্চপদে বসানো নিয়ে তিনি প্রতিবাদ জানান। তাঁর দল ছাড়ার পিছনে তৃণমূল থেকে আসা নেতাদের বাড়তি গুরুত্ব ও দলে শুভেন্দুর প্রভাব রয়েছে বলে নিজেই ফলাও করে জানান অমিত।

বিজেপিতে এখন শুভেন্দু অধিকারীর অনুগামীদের রাজ
অমিত বলেন, বিজেপিতে এখন শুভেন্দু অধিকারীর অনুগামীদের রাজ চলছে। পুরনো কর্মীদের ভুলে গিয়ে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দলে দাদার অনুগামীদের বাড়বাড়ন্তের প্রতিবাদেই তিনি দল ছাড়লেন বলে সোজাসাপ্টা জানিয়েছেন অমিত ভট্টাচার্য। এর আগেও শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছিলেন হাওড়ার প্রাক্তন বিজেপি সভপাতি সুরজিৎ সাহা।

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই উচ্চাসনে, ক্ষোভ
সুরজিতের পর যুব মোর্চার অমিত বিজেপি ছেড়ে বলেন, দীর্ঘদিন ধরে দল করছি। কিন্তু দেখলাম সম্প্রতি রদবদলে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরাকে হাওড়া জেলার সহ সভাপতি করা হল। এই গোবিন্দ হাজরার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এর আগে বেশ কয়েকবার বিজেপির রাজ্য নেতৃত্বকে জানিয়েও কাজের কাজ হয়নি। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলাম।

এবার কি তবে তৃণমূলে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দলত্যাগীর
এবার কি তবে তৃণমূলে যোগ দেবেন? সেই প্রশ্নের উত্তরে অমিত বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। সেই সুযোগ পেলে তৃণমূলকে মঞ্চ হিসেবে পেতে তাঁর কোনও আপত্তি নেই। বিজেপির হাওড়া জেলা সদরের সভাপতি মণিমোহন ভট্টচার্য বলেন, সংবাদমাধ্যমের সামনে না বলে ওঁর দলকে জানানো উচিত ছিল।

বিজেপি এ রাজ্যে সাইনবোর্ড হয়ে যাবে
অমিতের দলত্যাগ নিয়ে হাওড়া জেলা সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ বলেন, মানুষের উন্নয়নের প্রশ্নে তৃণমূল এগিয়ে রয়েছে অন্য সমস্ত দলের থেকে। যাঁরা মানুষের পাশে থাকতে চাইবেন, মানুষের উন্নয়ন চাইবেন, তাঁদেরকে তৃণমূলের পতাকা তুলে নিতে হবে। আগামীদিনে বিজেপি এ রাজ্যে সাইনবোর্ড হয়ে যাবে, তার লক্ষণ সুস্পষ্ট।












Click it and Unblock the Notifications