বিজেপি ছাড়তে পারেন আরও এক বিধায়ক! কল্যাণীর দলত্যাগের দিনেই জল্পনায় হিরণ
বিজেপি ছাড়তে পারেন আরও এক বিধায়ক! কল্যাণীর দলত্যাগের দিনেই জল্পনায় হিরণ
শাসক দল তৃণমূলের সঙ্গেই ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যুব তৃণমূলের সহ সভাপতিও হয়েছিলেন তিনি। সেই সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন হিরণ। এবং একুশের বিধানসভায় খড়গপুরে বিজেপির টিকিটে জিতে বিধায়কও হয়েছেন। কিন্তু তারপর থেকেই দূরত্ব তৈরি হয়ছে বিজেপির সঙ্গে। দিলীপ ঘোষের কেন্দ্রে বিধায়ক হয়েছেন হিরণ, কিন্তু দূরত্ব তৈরি হয়েছে তাঁর সঙ্গেই। ফলে জল্পনা বাড়তে শুরু করেছে হিরণকে নিয়ে।

হিরণ চট্টোপাধ্যায় কি তৃণমূলে ভিড়বেন? জল্পনা
বর্তমানে বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছে না খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। ফলে যত বিজেপি থেকে দূরে সরছেন, ততই গুঞ্জন উঠতে শুরু করেছে। তবে কি এবার হিরণ চট্টোপাধ্যায়ের পালা? বিজেপি ছেড়ে এবার হিরণ চট্টোপাধ্যায় কি তৃণমূলে ভিড়বেন? ফের তাঁর ঘরওয়াপসি হবে? তা নিয়েই চলছে জল্পনা।

দিলীপ ঘোষের গড়ে বড় ধাক্কা খাবে বিজেপি!
এদিনই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়েছেন। তাঁকে নিয়েও জল্পনা শুরু হয়েছে তৃণমূল-যোগের। এদিকে হিরণ চট্টোপাধ্যায়কে নিয়েও কানাঘুঁষো চলছে। বিজেপি এমনিতেই বিধানসভায় কমে ৭৭ থেকে ৭০ হয়ে গিয়েছে। এবার হিরণ যদি মাইনাস হন বিজেপি শুধু কমে ৬৯ হবে না, দিলীপ ঘোষের গড়ে বড় ধাক্কা খাবে।

দিলীপ-হিরণ দূরত্ব বাড়ছে, বিজেপির ভাঙন-জল্পনা
তৃণমূলে সম্মান পাচ্ছেন না বলে দল ছেড়েছিলেন। বিজেপি তাঁকে সম্মান দিয়ে দলের প্রার্থী করেছিল দিলীপ ঘোষের কেন্দ্রে। কিন্তু ভোটের পর পরিস্থিতি বদল হতেই হিরণ চট্টোপাধ্যায়ও আড়ালে যেতে শুরু করেছেন বিজেপিতে। ক্রমশ বাড়ছে দিলীপ-হিরণ দূরত্ব। কার্যত মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছেন হিরণ চট্টোপাধ্যায় ও সদ্য প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

হিরণের বিজেপি-ত্যাগের গুঞ্জন, ফের ভাঙন?
হিরণের অনুপস্থিতিই বিজেপি ত্যাগের জল্পনা তীব্র করেছে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। হিরণ চট্টোপাধ্যায় এত জল্পনার পরও স্পিকটি নট। বিজেপি নেতৃত্ব অবশ্য হিরণের হয়ে ব্যাট ধরেছেন। তাঁদের কথায়, হিরণ চট্টোপাধ্যায় দল ছাড়বেন না। হিরণ বিজেপিতেই থাকবেন। তৃণমূলও তাঁকে ফেরাবে কি না সন্দেহ। কেননা দল ছেড়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। তবে তৃণমূলে যোগদানের জল্পনার থেকেও হিরণের বিজেপি-ত্যাগের গুঞ্জনই বেশি শোনা যাচ্ছে।

বিজেপির অন্দরে চোরাস্রোত আটকাবে কে?
এদিন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর সঙ্গে বিবাদের কারণে বিজেপি ছেড়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই অবস্থায় রাজনৈতিক মহলেই আলোচনা শুরু হয়েছে, খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও না মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলত্যাগ করেন। এখন দেখার বিজেপির অন্দরের এই চোরাস্রোত নতুন সভাপতি আটাকাতে পারেন কি না!












Click it and Unblock the Notifications