বিজেপি ছাড়লেন মহিলা মোর্চা নেত্রী, দীনেশ ত্রিবেদীর রোড-শোয়ের মাঝে যোগদান তৃণমূলে
রোড শো চলাকালীন বিজেপি নেত্রী এসে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর প্রচার চলাকালীন।
রোড শো চলাকালীন বিজেপি নেত্রী এসে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর প্রচার চলাকালীন। আর এই ঘটনার ঘনঘটা অর্জুন সিংয়ের গড়ে। বারাকপুর পুর এলাকায় দীনেশ ত্রিবেদীর প্রচারের মাঝে তৃণমূলে যোগ দেন বিজেপির প্রাক্তন মহিলা মোর্চা নেত্রী রঞ্জিতা চক্রবর্তী।

বারাকপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দীনেশ ত্রিবেদীর সমর্থনে পদযাত্রা চলছিল। তখন হঠাৎই বিজেপির মহিলা নেত্রী রঞ্জিতা চক্রবর্তী সেই রোড শোয়ের মাঝে উপস্থিত হন। দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করে তৃণমূলে যোগ দেওয়ার আর্জি জানান। এরপরই তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দীনেশ ত্রিবেদী।
শুধু পতাকা তুলে দিয়েই ক্ষান্ত থাকেননি তৃণমূল প্রার্থী। রঞ্জিতাদেবীকে তৃণমূল কংগ্রেসে কার্যত বরণ করে নেওয়া হয়। তাঁকে রাস্তার মাঝেই উত্তরীয় পরিয়ে দেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। তৃণমূলের পতাকা হাতে নিয়ে রঞ্জিতা দেবী বলেন, বিজেপির বিভাজনের রাজনীতি তাঁর পছন্দ হচ্ছিল না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে তিনি বিজেপি ছে়ড়ে তৃণমূলে যোগদান করলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, রঞ্জিতাদেবী আজ থেকে তৃণমূল পরিবারের সদস্য হলেন। দলের সদস্যদের নিয়ে উন্নয়নের কাজে সামিল হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে কাজ করবেন মানুষের জন্য। রঞ্জিতা দেবীর যোগদানে এলাকায় আরও শক্তিশালী হল তৃণমূল।












Click it and Unblock the Notifications