তৃণমূল কংগ্রেসে যোগ অর্জুনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীর! দিলীপের গড়ে বিরাট ভাঙন
তৃণমূলে যোগ অর্জুনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীর! দিলীপের গড়ে বিরাট ভাঙন
২০২১ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থাবা পড়ল এবার দিলীপ ঘোষের গড়ে। দিলীপ ঘোষের নির্বাচনী ক্ষেত্র মেদিনীপুরের কেশিয়াড়িতে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। সোমবার মেদিনীপুরের ফেডারেশন হলে দুই পঞ্চায়েত সমিতি সদস্য-সহ শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে।

বিজেপির সংযোজকও তৃণমূলে
শুধু কেশিয়াড়ি ব্লকের দুই পঞ্চায়েত সমিতি সদস্যকে ছিনিয়ে নিয়েই ক্ষান্ত থাকেনি তৃণমূল, বিজেপির সংযোজক অর্জুন দাসও যোগ দিয়েছেন বাংলার শাসক শিবিরে। যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি।

তৃণমূলে স্বাগত যোগদানকারীদের
এদিন মেদিনীপুরের ফেডারেশন হলে দলবদলের অনুষ্ঠান হয় করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মানস ভুইঁয়া, মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদ সভাধিপতি উত্তরা সিং হাজরা প্রমুখ। তাঁরা স্বাগত জানান যোগদানকারীদের।

তৃণমূলে যোগ দিয়ে অর্জুনের বার্তা
তৃণমূলে যোগ দিয়ে অর্জুন দাস বলেন, বিজেপিতে থেকে মানুষের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। মানুষের জন্য কাজ করতে চাই। সেই কাজ করতে তৃণমূল কংগ্রেসের থেকে বড় জায়গা আর কী আছে। তাই বেছে নিয়েছি তৃণমূল কংগ্রেসকেই।

বিজেপিতে ভাঙন ধরিয়ে অজিতের দাবি
বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, আমাদের সঙ্গে বিজেপির বহু নেতা-কর্মী, জনপ্রতিনিধি যোগাযোগ করছেন। ধীরে ধারে তাঁরা প্রত্যেকেই যোগদান করবেন তৃণমূল কংগ্রেসে। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে, গোটা কেশিয়াড়িতে বিজেপি ফাঁকা হয়ে যাবে।

কেশিয়াড়িতে যখন সংশয়ে বোর্ড
এখানে উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের পর দু-বছর কেটে গেলেও এই কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি। তৃণমূল ও বিজেপির টানাপোড়েন বোর্ড গঠন এখন আদালতের হাত চলে গিয়েছে। আদালতের নির্দেশের পর বোর্ড গঠন হবে। তৃণমূলের দাবি, তাঁরাই এবার বোর্ড গড়বেন। বিজেপির আর কোনও সুযোগ নেই।












Click it and Unblock the Notifications