বাংলায় কেন করোনার তথ্য বিভ্রান্তি! কারণ জানিয়ে আক্রমণ দিলীপের
বাংলায় কেন করোনার তথ্য বিভ্রান্তি! কারণ জানিয়ে আক্রমণ দিলীপের
বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রত্যেকদিনই রাজ্য সরকারের তরফে একটি করে হেলথ বুলেটিন প্রকাশ করা হচ্ছে। এবং সেখানে আক্রান্ত, মৃত ও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা জানানো হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিতে আক্রান্ত, মৃতের সংখ্যার হিসেব দেওয়া হচ্ছে। এবং দেখা যাচ্ছে দুই সরকারের হিসেবের মধ্যে বাস্তবের কোনও মিল নেই। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বাংলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি। যদিও রাজ্য সরকার সেই তথ্য মানতে রাজি নয়। এক্ষেত্রে তথ্য গোপনের অভিযোগ উঠলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার তা সরাসরি খারিজ করে দিয়েছে।

কেন্দ্র-রাজ্য বিভেদ
যেমন রাজ্য সরকার জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে মোট ৬৮ জনের। রাজ্যের তরফে জানানো হয়েছে যে সবমিলিয়ে আক্রান্ত ৯৪০ জন। তবে এই পরিসংখ্যান মানতে নারাজ কেন্দ্র। তাদের দাবি, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যাও বেশি।

দিলীপের অভিযোগ
করোনার পরিসংখ্যান নিয়ে কেন্দ্র-রাজ্য মতভেদকেই হাতিয়ার করেছে বঙ্গ বিজেপি। এবং এক্ষেত্রে সরাসরি তারা আক্রমণ করেছে রাজ্য সরকারকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে ছোট বড় সমস্ত বঙ্গ বিজেপি নেতাদের একটাই সুর, করোনা নিয়ে তথ্য গোপন করছে তৃণমূল সরকার।

কেন্দ্রের চাপে রাজ্য
এই প্রসঙ্গে সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করে দিলীপ ঘোষ জানিয়েছেন, এই তথ্য গোপনের বিষয়টি বারবার ঘটছে। এর আগে যখন কেন্দ্রীয় দল এসে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করে এবং হিসেব তৈরি হয়, তখনই এক লহমায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়িয়ে দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার।

কটাক্ষ রাজ্য সরকারকে
দিলীপের কটাক্ষ করোনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব এক রকমের কথা বলছেন, স্বাস্থ্যসচিব একরকম কথা বলছেন, স্বরাষ্ট্র সচিব আর এক রকমের কথা বলছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী আর এক রকমের কথা বলেন। এবং এসব করেই রাজ্য প্রমাণ করে দিয়েছে যে মৃতের সংখ্যা লুকোনো হচ্ছে।

দিলীপের প্রশ্ন
দিলীপ ঘোষের বক্তব্য রাজ্য সরকার কীভাবে এক লহমায় মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিল? যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে তাহলে সেটা কে দিচ্ছিল? কেন ভেরিফিকেশন করা হয়নি তথ্যের? আসল ঘটনা হল রাজ্য সরকার বাস্তব অবস্থা চেপে যাওয়ার চেষ্টা করছে।

চাঁচাছোলা দিলীপ
মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারতেন। তবে পরিস্থিতি হাতের বাইরে দেখে তিনি পিঠ দেখিয়েছেন। এখন সরকারি অফিসাররা সেভাবে মিথ্যা বলতে পারছেন না, আর সেজন্যই রাজ্যে করোনা নিয়ে তথ্যের বিকৃতি হচ্ছে বলে সরাসরি রাজ্য সরকারকে তোপ দেগেছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications