আবারও বিজেপির বুথ সভাপতির অস্বাভাবিক মৃত্যু শুভেন্দু গড়ে, দেহ উদ্ধারের পরে এলাকায় উত্তেজনা
আবারও বিজেপির বুথ সভাপতির অস্বাভাবিক মৃত্যু শুভেন্দু গড়ে, দেহ উদ্ধারের পরে এলাকায় উত্তেজনা
রাজ্যে ফের বিজেপির বুথ পর্যায়ের নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এবারের ঘটনা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরের (East Midnapur) ভগবানপুরের। এদিন সকালে সেখানকার এর বুথ সভাপতি ভাস্কর বেরার দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির (BJP) তরফ থেকে তৃণমূলের (Trinamool Congress) দিকে অভিযোগ করা হলেও, তা অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

কালীপুজোর বিসর্জনের কথা বলে বাড়ি থেকে ডাকা হয়
ভাস্কর বেরা ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগরের বাসুদেবপুরের দক্ষিণ বড়বড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ শনিবার রাতে তাঁকে কালীপুজোর বিসর্জনের কথা বলে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। তারপর রাতে আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি শুরু হলে ভোরের দিকে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের সদস্যদের আরও অভিযোগ উদ্ধারের সময় ভাস্কর বেরার শরীর রক্তে ভেসে যাচ্ছিল।

পরিবারের অভিযোগ
পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পরে খটিয়াল গ্রামে তাঁকে বেডধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। এব্যাপারে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল পরিবারের সদস্যদের। এব্যাপারে উল্লেখযোগ্য যে গত ৭ নভেম্বর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল ভগবানপুর পূর্ব মণ্ডলের শক্তিকেন্দ্রের প্রমুখ চন্দন মাইতির। তিনি ভগবানপুর ১ নম্বর ব্লকের মহম্মদপুরের বাসিন্দা ছিলেন। এই নেতাকেও বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা।

বিজজি নেতৃত্বের অভিযোগ
এব্যাপারে বিজেপির কাঁথি সাংগঠমিক জেলার তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের হার্মাদরার বিজেপির কর্মীদের খুন করে এলাকা ফাঁকা করতে চাইছে। এব্যাপারে দিন কয়েক আগে একই বিধানসভা এলাকায় অপর এক নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এর বিরুদ্ধে বিজেপি পথে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিজেপির তরফে।

অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের
বিজেপির নেতার অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতাত্ব। মৃত ভাস্কর বেরাকে বিজেপির সঙ্গে যুক্ত বলে মানতে রাজি হয়নি তৃণমূল। তারা বলছেন, মদের নেশায় বেহুঁশ হয়েই রাস্তার পাশে পড়েছিল সে। তাদের দাবি স্বাভাবিক মৃত্যু হয়েছে ভাস্কর বেরা। তৃণমূল নেতৃত্বের দাবি, বছর খানের আগে মদের নেশার কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছিল ভাস্কর বেরার।












Click it and Unblock the Notifications