নজরকাড়া কেন্দ্র বারাকপুরে জিতবে কে, স্পষ্ট আভাস এসি নিয়েলসনের সমীক্ষায়
বিজেপির অর্জুন সিং বনাম তৃণমূলের দীনেশ ত্রিবেদী। বারাকপুরে দুই ‘তৃণমূলী’র লড়াই হচ্ছে এবার। সেই লড়াইয়ে জিতবে কে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সমীক্ষায় আভাস।
লোকসভার মুখেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন চারবারের বিধায়ক অর্জুন সিং। তারপর তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদী। এই অবস্থায় বারাকপুরে দুই 'তৃণমূলী'র লড়াই হচ্ছে এবার। সেই লড়াইয়ে জিতবে কে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। একদিকে অভিষেক হুঙ্কার ছেড়েছেন দু'লক্ষ ভোটে জিতবে তৃণমূল। পাল্টা অর্জুনের তোপ, দীনেশ ত্রিবেদী এবার হারছেই। এরই মধ্যে এসি নিয়েলসনের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত এবার কার দিকে ঢলবে বারাকপুর।

দলবদলে এবার ফারাক
অর্জুন সিংয়ের দলবদল এবার ফারাক করে দেবে বারাকপুরে, তা স্পষ্ট করে দিয়েছে এসি নিয়েলসনের সমীক্ষা। সমীক্ষায় আভাস এই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। দীনেশ ত্রিবেদী এবার ভোটে সে অর্থে দাঁত ফোটাতে পারবে না বলেই অভিমত সমীক্ষায়।

কার দিকে কত শতাংশ
সমীক্ষা অনুযায়ী আভাস, বিজেপি প্রার্থী এবার এই কেন্দ্রে পেতে পারেন ৫৫ শতাংশ ভোট। সেখানে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী পাবেন মাত্র ২১ শতাংশ ভোট। বামেরা সেখানে পাবে ১৯ শতাংশ ভোট আর কংগ্রেস পাবে ৩ শতাংশ। ২ শতাংশ ভোট পাবে অন্যান্যরা।

সিংহভাগ তৃণমূলের ভোট অর্জুনের দিকে
এসি নিয়েলসনের সমীক্ষার ফল ইঙ্গিত দিচ্ছে, সিংহভাগ তৃণমূলের ভোট চলে যাবে অর্জুন সিংয়ের পকেটে। তারপর বিজেপির ভোটও রয়েছে। সবমিলিয়ে ব্যবধান হবে বিস্তর। তবে এই ফলাফল প্রচার শুরুর আগে। প্রচারের পর বদলে যেতে পারে অভিমত। স্তিমিত হতে পারে বিজেপির হাওয়া।

মুকুলের পর অর্জুন বিজেপিতে
এই কেন্দ্র থেকেই দুই তাবড় নেতা বিজেপিতে নাম লিখিয়েছেন। প্রথমে মুকুল রায়, পরে অর্জুন সিং। মুকুল রায়ের বিজেপিতে যাওয়ার পর নোয়াপাড়া ভোট হয়েছে, সেখানে কোনও প্রভাব পড়েনি। কংগ্রেসের আসনে ড্যাংডেঙিয়ে জিতে এসেছে তৃণমূল। বিজেপি সেখানে কোনওরকমে দু-নম্বরে।

ভাটপাড়া পুরসভার তৃণমূলের কর্তৃত্বে অন্য ইঙ্গিত
তবে অর্জুনের দলবদলে প্রভাব পড়বে ভালোই মনে করছে এই সংস্থার সমীক্ষকরা। এখানে উল্লেখ্য, অর্জুন সিংয়ের দলবদলের পর ভাটপাড়া পুরসভায় তৃণমূলের শক্তি খর্ব হবে বলে দাবি করলেও পুরসভা ধরে রাখতে সমর্থ হয়েছে তৃণমূল। পাল্টা অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা এনেছে।












Click it and Unblock the Notifications