মুকুলের বিরুদ্ধে প্রতিবাদ শুভেন্দুদের, বিধানসভার ৮ কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা বিজেপির
মুকুলের বিরুদ্ধে প্রতিবাদ শুভেন্দুদের, বিধানসভার ৮ কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা বিজেপির
মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদে শেষপর্যন্ত বিধানসভার আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিল বিজেপি। মঙ্গলবার স্পিকারের ঘরে গিয়ে আট কমিটির চেয়ারম্যান ইস্তফাপত্র পেশ করে আসেন। বিধানসভার অধ্যক্ষ তাঁদের অনুরোধ করেছিলেন ইস্তফাপত্র ফিরিয়ে নিতে। কিন্তু অনড় বিজেপি ইস্তফা দিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন।

আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা
বিজেপির দাবি, অনৈতিকভাবে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বিজেপি বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদ গ্রহণ করবে না। সেইমতোই আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির সদস্যরা।

বিধানসভায় অধ্যক্ষের ঘরে গিয়ে পদত্যাগ পত্র জমা
শুভেন্দুর কথায়, সাংবিধানিক রীতি অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির চেয়ারম্যান পদ বিরোধী দলের। ক্ষমতার জোরে শাসকদল সেই সাংবিধানিক রীতি মানেনি। তার প্রতিবাদেই এই ইস্তফা দেওয়া হল। এদিন বিধানসভায় অধ্যক্ষের ঘরে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন। তারপর শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্পিকারের বিরুদ্ধে নালিশ জানাতে রাজ্যপাল সকাশে যাবেন বিজেপি বিধায়করা।

মুকুলকে পিএসির চেয়ারম্যান ঘোষণা করার প্রতিবাদ
উল্লেখ্য, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঘোষণা করার পর বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা। শুভেন্দু এরপর সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দেন, মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি বিজেপি। প্রস্তাব করেছে তৃণমূল। তাঁকে পিএসি চেয়ারম্যান করে তৃণমূল সব সীমা অতিক্রম করে গেল।

বিজেপি বিধায়কদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু
বিজেপির আট সদস্য আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই বিধানসভা থেকে বেরিয়ে রাজভবনে যান। তিনি বিজেপি বিধায়কদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন। সেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠক করে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে নালিশ জানান।












Click it and Unblock the Notifications