বিজেপির সভাপতির ঘরেই বিরাট ভাঙন! বাংলায় একুশের নির্বাচনের আগে সংকট বেড়েই চলেছে
বিজেপির সভাপতির ঘরেই ভাঙন! একুশে নির্বাচনের আগে প্রশ্ন দলের ভবিষ্যৎ নিয়ে
বঙ্গ বিজেপিতে অশান্তির মেঘ ক্রমশ বেড়েই চলেছে। যতই ২০২১ নির্বাচন এগিয়ে আসছে, ততই অশনি সংকেত দেখা দিচ্ছে বিজেপিতে। যে উত্তরবঙ্গে ২০১৯-এর নির্বাচনের ফলে বিজেপি তাক লাগিয়ে দিয়েছিল, সেই উত্তরবঙ্গেই বিজেপিতে গৃহযুদ্ধ বেধে গেল। সভাপতির ঘরেই ভাঙন ধরল বিজেপিতে। বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়ালেন সভাপতির ভাই।

বিজেপিতে ভাঙন এবার উত্তর দিনাজপুরে
দিন তিনেক আগেই দক্ষিণ দিনাজপুরে দুই হেভিওয়েট বিজেপি ছেড়ে ফিরে গিয়েছেন তৃণমূলে। এবার উত্তর দিনাজপুরে বিজেপি সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়লেন তাঁর ভাই ভবতোষ লাহিড়ী। যিনি দীর্ঘদিন ধরে আরএসএসের সঙ্গে যুক্ত সেই নেতা বিজেপি ছেড়ে দিলেন একুশের নির্বাচনের আগে।

বিজেপিতে প্রবল লবিবাজি, তাই দলত্যাগ
উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর ভাই ভবতোষ লাহিড়ী দল ছেড়ে যোগ দেন জেডিইউতে। সোমবার তিনি বিজেপি ছেড়ে সংযুক্ত জনতা দলে যোগ দিয়েছেন। দল ছেড়েই তিনি বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন বিজেপিতে প্রবল লবিবাজি এখন। তাই তিনি দল ছাড়তে বাধ্য হলেন।

বিজেপি সভাপতির বাড়িতেই ভাঙন
ভবতোষ লাহিড়ী বিজেপি ছেড়ে সংযুক্ত জনতা দলে যোগ দিয়েই জেলা সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন। বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, ভবতোষ দল ছাড়লেও বিশেষ ক্ষতি হবে না। উল্টোদিকে ভবতোষের দাবি, বিশ্বজিৎ লাহিড়ী ঠিকঠাক দল পরিচালনা করতে পারছেন না। তাই দলের মধ্যো গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে।

ভবতোষের জেডিইউয়ে যোগদান নিয়ে চর্চা
রাজনৈতিক মহল অবশ্য ভবতোষের জেডিইউতে যোগ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিজেপি ছেড়ে কেন ভবতোষ এমন একটা দলে যোগ দিলেন, যাদের এই রাজ্যে কোনও শক্তিই প্রায় নেই। এখন চর্চা চলছে ভবতোষের জেডিইউয়ে যোগদান নিয়ে। কেন তিনি তৃণমূল কংগ্রেস, সিপিএম বা বামফ্রন্ট, কিংবা কংগ্রেসে যোগ দিলেন না তা নিয়ে ধন্দই রয়ে যায়।

একুশের আগে প্রশ্নে বিজেপির ভবিষ্যৎ
বিজেপি জানিয়েছে, ভবতোষ কোনওদিন বিজেপিতে সক্রিয় ছিলেন না। তাই তাঁর অভাব বোধ হবে না। সিদ্ধান্তহীনতাই ভবতোষকে জেডিইউতে যেতে হয়েছে। তবে আর যাই হোক, বিজেপিতে যেভা্বে গোষ্ঠীকোন্দল তীব্র হচ্ছে, একে একে দল ছাড়ছেন অনেক নেতা, তা একুশের নির্বাচনের আগে তা প্রশ্নচিহ্ন তুলে দেবে বিজেপির ভবিষ্যৎ নিয়ে।












Click it and Unblock the Notifications