মা-মাটি-মানুষ বুঝেছে সিপিএম অনেক ভালো ছিল! মমতাকে দিন-শেষের বার্তা শাহের
সিপিএমের হাত থেকে বাঁচতে দিদিকে এনেছিল বাংলার মানুষ। এখন সবাই ভাবছে সিপিএম অনেক ভালো ছিল। মা-মাটি-মানুষের আর ভরসা নেই দিদির সরকারের উপর।
সিপিএমের হাত থেকে বাঁচতে দিদিকে এনেছিল বাংলার মানুষ। এখন সবাই ভাবছে সিপিএম অনেক ভালো ছিল। মা-মাটি-মানুষের আর ভরসা নেই দিদির সরকারের উপর। এবার দিদিকে চলে যেতে হবে। তাঁর সময় শেষ হয়ে গিয়েছে। এবার আসবে বিজেপি। প্রকৃত পরিবর্তন আসবে বাংলায়। বাংলায় পা দিয়ে মমতা সরকারে বিদায় ঘণ্টা বাজালেন অমিত শাহ।

২৩টি আসন পদ্ম ফুটবে
শুক্রবার আলিপুরদুয়ারের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেন, একমাত্র নরেন্দ্র মোদীই বাংলাকে বাঁচাতে পারবেন। বাংলায় এবার ২৩টি আসন পদ্ম ফুটবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ চড়া সুরে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকারকে। তাঁর সাফ কথা মমতাকে না বদলালে বাংলার উন্নয়ন হবে না। আয়ুস্মান ভারত আসবে না।

বাংলায় অপশাসনের দূর করার বার্তা
অমিত শাহ বলেন, বাংলায় সিন্ডিকেট রাজ চলছে। গণতন্ত্র ধ্বংস করছে তৃণমূল। বাংলায় শুধু তোলাবাজির সরকার চলছে। তৃণমূল তোলাবাজি ট্যাক্স আদায় করতেই ব্যস্ত। এই সরকার ইমামদের ভাতা দিচ্ছে, তাহলে পুরোহিতদের ভাতা নয় কেন? প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে তিনি জানান, বাংলায় সমস্ত হিন্দু শরণার্থীদের স্থান হবে।

এবার তৃণমূলকে উল্টে দিন
অমিতের কথায়, বাংলার জন্য আসন্ন লোকসভা নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। তৃণমূল গুন্ডাদের ভয় পাবেন না। এবার তৃণমূলকে উল্টে দিন। মানুষের সমর্থন নেই, তাই হিংসা করে বাংলায় পঞ্চায়েত ভোটে জিতেছে তৃণমূল। এবার আর তা হবে না। তাই জিতবে বিজেপি। ২৩ আসনে পদ্ম ফুটবেই। তার কারণ, জনতা অধিকার রক্ষায় জেগে উঠেছে।

তৃণমূল ভয় পেয়ে গিয়েছে
অমিত শাহ বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল, আমরা তার প্রত্যাঘাত করেছি, সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছি। কিন্তু মমতা দিদি পাকিস্তানকে প্রত্যাঘাত করা হোক, তা চাননি। তাই এই ভোটে তাঁকে যোগ্য জবাব দিতে হবে। এবার তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। আর তাই জোট বেঁধেছে। কিন্তু একদিকে পরাক্রমী মোদী, অন্যদিকে দুর্বল মহাজোট। আসন্ন নির্বাচনের ফল নির্ধারণ হয়েই গিয়েছে। আবার মোদী সরকার, স্রেফ সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications