বিজেপিকে আর কী করে রুখবে তৃণমূল! একুশের যুদ্ধের আগে নয়া কৌশল মুঠোবন্দি
বিজেপিকে আর কী করে রুখবে তৃণমূল! একুশের যুদ্ধের আগে নয়া কৌশল মুঠোবন্দি
তৃণমূলকে কড়া টক্কর দিতে আসরে নেমে পড়ল বিজেপি। ভার্চুয়াল সমাবেশের পর বিজেপি জানিয়ে দিল তাঁদের কৌশল তৈরি হয়ে গিয়েছে। ২০২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আর রুখতে পারবেন না তাদের। বাংলায় তাঁরা পদ্ম ফুটিয়েই ছাড়বেন। বাংলার মানুষের কাছে পৌঁছে যাওয়া তাঁদের স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।

নয়া প্রচার কৌশলেই মাত দিতে চাইছে বিজেপি
করোনা ভাইরাসের সংক্রমণের মাঝেই রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। জনসভা নয়, ভার্চুয়াল সমাবেশ করে বিজেপি বাংলায় নতুন এক প্রচার কৌশল তৈরি করেছে। সেই প্রচার কৌশলেই মাত করতে চাইছেন বিজেপি নেতারা। মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে সেই বার্তাই দিয়েছেন তাঁরা।

জেলায় জেলায় ভার্চুয়াল সমাবেশের প্রস্তুতি বিজেপির
বিজেপির দাবি, তাঁরা ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে ৫ কোটি মানুষের কাছে পৌছে গিয়েছেন। তাই এই ধরনের সমাবেশে আরও করার প্রস্তুতি শুরু করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে। এবার জেলায় জেলায় ভার্চুয়াল সমাবেশ করবে তারা। আপাতত ৭০টি এমন সমাবেশের রূপরেখা তৈরি করা হয়েছে।

ভার্চুয়াল সমাবেশ রুখবেন কী করে মমতা!
মমতাকে নিশানা করে বিজেপি জানিয়েছে, এতদিন সভা-সমাবেশ করতে দেওয়া হত না বিজেপিকে। বিজেপি নেতাদের বাধা দেওয়া হত, কিন্তু ভার্চুয়াল সমাবেশ রুখবেন কী করে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার সহজেই পৌঁছে যাওয়া যাবে মানুষের দরবারে। ভার্চুয়াল সমাবেশকে হাতিয়ার করেই তাই বাংলা বিজয়ের লক্ষ্যে এগোতে চাইছে বিজেপি।

একুশের প্রচার যুদ্ধে বিজেপির নয়া আঙ্গিক
বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, খুব সহজেই ভার্চুয়াল সভার মধ্য দিয়ে চলে যাওয়া যায় মানুষের কাছাকাছি। সহজে মানুষের কাছে পৌঁছে যাওয়ার সহজ এই মাধ্যমকেই তাই আগামী একুশের প্রচার যুদ্ধে আরও বেশি করে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

অমিত শাহের সভার সাফল্যই পাথেয় বিজেপির
সেইমতোই বিজেপি পরিকল্পনা করেছে, জেলায় জেলায় ভার্চুয়াল সমাবেশ করে মমতা বন্দ্যোপাধায়ের বাংলায় প্রচার তুঙ্গে তুলতে। একুশের যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য তাই এই ধরনের সমাবেশ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপির আইটি সেল। অমিত শাহের সভার সাফল্যকে পাথেয় করেই বিজেপি এগিয়ে চলেছে লক্ষ্যে।












Click it and Unblock the Notifications