দিল্লিতে কেজরি জিততে পারেন, বাংলায় হারবেন মমতা! একুশের আগে কৈলাশ সাজালেন নয়া যুক্তি
দিল্লিতে কেজরি জিততে পারেন, বাংলায় হারবেন মমতা! একুশের আগে কৈলাশ সাজালেন যুক্তি
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা নিয়ে ভাবার পরামর্শ দিলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, ২০২১-এর নির্বাচনে বাংলা রক্ষা করতে পারবেন না মমতা। তাই দিল্লিতে আপের জয় উৎফুল্ল হয়ে কোনও লাভ নেই। ২০২১-এ বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। তা নিশ্চিত হয়ে গিয়েছে।

মমতাকে কটাক্ষ কৈলাশের
উল্লেখ্য, দিল্লির নির্বাচনে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েও ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় খোঁটা দেন বিজেপিকে। তিনি বলেন, দিল্লি দেখিয়ে দিয়েছে, বিজেপির শেষ কলস ডুবিয়ে দেবে একুশের বাংলা। এরপরই কটাক্ষ উড়ে আসে বিজেপি শিবির থেকে।

দিলীপের পর কৈলাশও
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতাকে নিশানা করেন। তারপর বাংলা বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ও মমতাকে একহাত নেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপির হারে খুশি হতেই পারেন। তিনি খুশি হন। কিন্তু তাতে লাভ কিছু হবে না। প্রথমত দিল্লিতে আপের জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভূমিকা নেই।

মমতা উদ্গিন হবেন
তিনি আরও বলেন, মমতা হাসছেন, হাসুন। কিন্তু বাংলায় যে হারতে চলেছেন, সেটা ভেবে উদ্বিগ্নও হন। বিজয়বর্গীয়র কথায়, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি আগের তুলনায় ভালো ফল করেছে। বিজেপির আসন সংখ্যাও বেড়েছে, আবার ভোট শতাংশও বেড়েছে। তাহলে মন্দ কী!

দিল্লির ফলাফল
উল্লেখ্য, মঙ্গলবার দিল্লি বিধানসভার ফলাফল প্রকাশ হতেই আপের জয়জয়কার হতে শুরু করে। বিজেপির আশায় জল ঢেলে দেয় আম আদমি পার্টি। টানা তিনবার ক্ষমতায় আসার পরই কেজরিকে অভিনন্দনের বন্যায় ভরিয়ে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপের আসন ৬৭ থেকে কমে দাঁড়ায় ৬২। বিজেপির তুলনায় প্রায় আটগুন আসন পায় আপ। বিজেপি পায় মাত্র আটটি আসন। ২০১৫ সালে তিনটি আসন পেয়েছিল বিজেপি। কংগ্রেস যথারীতি এবারও শূন্য।












Click it and Unblock the Notifications