বুথ কমিটি গঠন বিশ বাঁও জলে, বঙ্গের সংগঠন নিয়ে নাড্ডার তোপের মুখে পড়তে পারে বিজেপি
বুথ কমিটি গঠন বিশ বাঁও জলে, বঙ্গের সংগঠন নিয়ে নাড্ডার তোপের মুখে পড়তে পারে বিজেপি
বাংলায় একুশ-পরবর্তী সমস্ত ভোটেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সামনে পঞ্চায়েত নির্বাচন। আর তারপরেই মহা সংগ্রাম ২০২৪-এর লোকসভা ভোট। তার আগে বঙ্গের সংগঠন নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তোপের মুখে পড়তে হতে পারে সুকান্ত মজুমদার-অমিতাভ চক্রবর্তীদের।

অঞ্চল-ওয়াড়ি সম্মেলনের কাজ শেষ হয়নি
আগামী ৭ জানুয়ারি বঙ্গ সফরে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। তিনি দুদিনের সফরে বাংলায় আসতে পারেন। সংগঠন নিয়ে তিনি বঙ্গ বিজেপির পাঠ নিতে পারেন। রাজ্য বিজেপি স্বভাবতই চাপে। কারণ কেন্দ্রীয় নির্দেশ আসার পর বিজেপি এখনও অঞ্চল-ওয়াড়ি সম্মেলনের কাজ শেষ করে উঠতে পারেনি।

সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ নাড্ডার
২০২৪ লোকসভা নির্বাচনের আগে লোকসভা প্রবাস কর্মসূচিতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর এই সফরে তিনি সংগঠনিক বৈঠক করবেন। সম্প্রতি তিনি দিল্লিতে দলীয় সাংসদ ও সা্ংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের আগে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ দিয়েছিলেন নাড্ডা।

পঞ্চায়েতের আগে জনসংযোগ গড়ে তোলার নির্দেশ
কেন্দ্রীয় বিজেপির তরফে নির্দেশ দেওয়া হয়েছিল পঞ্চায়েতের আগে জনসংযোগ গড়ে তুলতে হবে। স্থানীয় স্তরে আন্দোলন গড়ে তুলতে হবে। তার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন। কিন্তু বিজেপি নাড্ডার সফরের আগে নীচুতলায় সম্মেলনের কাজই সম্পূর্ণ করতে পারেনি।

অঞ্চল সম্মেলন শেষ করার লক্ষ্যমাত্রা পিছিয়ে গেল
পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে বিশেষ টিম তৈরি করেছে বিজেপি। সেই কমিটির চেয়ারপার্সন সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ২৪ ডিসেম্বরের মধ্যে অঞ্চল সম্মেলন শেষ করার কথা ছিল। কিন্তু ২৮ ডিসেম্বর হয়ে গেল তা শেষ হয়নি। বড়দিন গেল, সামনে আবার বর্ষবরণ। সেই কারণে অঞ্চল সম্মেলন শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৬ জানুয়ারি। একান্ত তা সম্ভব না হলে ২০ জানুয়ারির মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে।

নাড্ডার ধমকের মুখ পড়তে হতে পারে বিজেপিকে
বিজেপি মনে করছে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বুথ কমিটির ভূমিকাই প্রধান। অঞ্চল সম্মেলনের মাধ্যমে বুথ কমিটি তৈরি হওয়ার পর ব্লক বা মণ্ডল সম্মেলন শুরু করা যাবে। ফলে ৭ জানুয়ারি নাড্ডার সফরের আগে বুথ কমিটি গড়ার কাজ শেষ করাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বুথ কমিটি গড়তে না পারলে কী করে বিজেপি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই প্রশ্ন রয়েই যায়। আর তা না করতে পারলে নাড্ডার ধমকের মুখ পড়তে হতে পারে সে কথা ভালোভাবেই জানে বিজেপি।

বিজেপি পরিকল্পনা কষে এগোচ্ছে লোকসভার আগে
লোকসভা ভোটে জয় নিশ্চিত করতে বিজেপি এক অভিনব উদ্যোগ নিয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটে ১৪২টি হারা আসনকে টার্গেট করা হয়েছে। তার মধ্যে রয়েছে বাংলারও বেশ কিছু আসনও। এ হারা আসনগুলিতে জয় তুলে নিতে বিজেপি পরিকল্পনা কষে এগোচ্ছে। তবে তাঁদের পরিকল্পনা কতটা বাস্তবে পরিণত হবে, তা বলবে ভবিষ্যৎ। কারণ বাংলায় আসানসোলের মতো কেন্দ্রে তাদের হারতে হয়েছে উপনির্বাচনে। নাড্ডা এবার লোকসভা প্রবাস কর্মসূচিতে হুগলি, উত্তর ২৪ পরগনা বা নদিয়ার মতো দুটি জেলাতেও যাবেন।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নাড্ডার সফর
সেই লক্ষ্যেই অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেও শুরু হয়েছে কেদ্রীয় নেতাদের প্রবাস কর্মসূচি। নতুন বছরের গোড়াতেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নাড্ডার সফরের কারন সেটাই। রাজ্যে নাড্ডার এই প্রবাস কর্মসূচিতে কলকাতার কাছাকাছি হুগলি, উত্তর ২৪ পরগনা বা নদিয়ার মতো কোনও দুটি জেলাতেও যাবেন নাড্ডা।












Click it and Unblock the Notifications