প্রতিরোধের সময় এসেছে, কল্যাণীতে হুঁশিয়ারি বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের
প্রতিরোধের সময় এসেছে। এবার পাল্টা দিতে হবে, শনিবার নদিয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে বীজপুর মণ্ডলের আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

তিনি বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে হামলা করছে, পাল্টা প্রতিরোধের সময় এসেছে। আমাদের কর্মীরা মার খাচ্ছে, পুলিশ চুপ করে বসে আছে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবার পাল্টা দিতে হবে। পাল্টা প্রতিরোধের সময় এসেছে। আর চুপ করে বসে থাকব না আমরা। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। জন সমর্থন নেই। তাই আমাদের নিরীহ কর্মীদের উপর হামলা করছে। তৃণমূলের সরকার আর বেশিদিন নেই। এভাবে মারধর করে বিজেপির জয় আটকাতে পারবে না।
প্রসঙ্গত, ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার বীজপুর থানার অন্তর্গত হালিশহর এলাকা। অভিযোগ, হালিশহর শ্মশানে এক বৃদ্ধের মৃতদেহ দাহ করতে এসে শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় ২ বিজেপি কর্মীকে। শ্মশানের মধ্যেই ওই ২ বিজেপি কর্মীকে মারধর করে ২০/২২ জন দুষ্কৃতী। এই ঘটনায় মারাত্মক জখম হন শান্তনু গাঙ্গুলি ও সুকান্ত গাঙ্গুলি। তাদের ধারালো অস্ত্র দিয়ে মাথায়, মুখে আঘাত করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদের জখম করে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার পর জখম ২ বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। এই হামলার ঘটনায় জখম শান্তনুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিন তাদেরকে দেখতেই হাসপাতালে যান সংসদ।












Click it and Unblock the Notifications