পুলিশি বাধায় পণ্ড যুব মোর্চার কর্মসূচি! মমতার সরকারকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা অর্জুনের
পুলিশি বাধায় পণ্ড যুব মোর্চার কর্মসূচি! মমতার সরকারকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা অর্জুনের
বিজেপির যুব মোর্চার এদিনের কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার বাঁশদ্রোণী। পুলিশ বিজেপির ঘোষিত কর্মসূচিতে বাধা দেয়। তারপর সামাজিক দূরত্ব বজায় না রেখেই বিজেপি নেতা কর্মী সমর্থকদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়। এই ঘটনাকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

বিজেপির কর্মসূচি
রাজ্য জুড়েই থানায় থানায় স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি। এদিন এমনই এক কর্মসূচি ছিল বাঁশদ্রোণী থানায়। গড়িয়া শ্মশান কাণ্ডকে সামনে রাখা হয়েছিল এই প্রতিবাদ কর্মসূচিতে।

পুলিশের বাধা, ধস্তাধস্তি
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সৌমিত্র খান ও অর্জুন সিং বাঁশদ্রোণী থানার দিকে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কেন থানায় যাওয়া যাবে না, সেই প্রশ্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন সৌমিত্র খান ও অর্জুন সিংরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। এরপরে পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ সেখানে লাঠিচার্জ করে বলেও অভিযোগ বিজেপির।

অর্জুন সিং-এর কটাক্ষ
বিজেপির কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়া প্রসঙ্গে অর্জুন সিং বলেন, যুবমোর্চার কর্মীরা থানায় ডেপুটেশন দিয়ে নিশ্চয়ই চলে যেতেন। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিকে অশান্ত করেছে পুলিশ। সামাজিক দূরত্ব বজায় না রেখেই বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে। টানতে, টানতে বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এপ্রসঙ্গে কটাক্ষ করে অর্জুন সিং বলেন. তালিবানি কায়দায় চলছে রাজ্য সরকার। বিরোধীদের সঙ্গে এমন ব্যবহার তালিবানিরাই করে বলেও অভিযোগ করেন অর্জুন সিং।












Click it and Unblock the Notifications