অভিষেকের গ্রেফতারি চাই, রাষ্ট্রপতি শাসন জারির উস্কানি দিয়ে হুঙ্কার সৌমিত্র, অর্জুনের
অভিষেকের গ্রেফতারি চাই, রাষ্ট্রপতি শাসন জারির উস্কানি দিয়ে হুঙ্কার সৌমিত্র, অর্জুনের
অভিষেকের কেন্দ্রে পা রাখতেই হামলা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর। তাই অবিলম্বে অভিষেকের গ্রেফতারি চাই। কলকাতার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে সরব হয়েছেন বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। ডায়মন্ড হারবারের পুলিস সুপারেরও গ্রেফতারি দাবি করেছেন তিনি। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে সওয়াল তুলে ফের রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ টেনে এনেছেন বিজেপি নেতা। একই সঙ্গে মমতা সরকারের বিরুদ্ধে আগ্রাসী আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংও।

অভিষেকের গ্রেফতারি চাই
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে সরব হলেন বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খান। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলা হয়েছে ডায়মন্ড হারবারে। তারই প্রতিবাগে ডোরিনা ক্রসিংয়ে অবরোধ কর্মসূচি করছিলেন বিজেপি নেতা সৌমিত্র খান, সাংসদ অর্জুন সিংরা। সেখানেই সৌমিত্র খান অভিষেক এবং ডায়মন্ড হারবারের পুলিস সুপারের গ্রেফতারির দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাজ্যপালের কাছে গোটা বিষয়টি নিয়ে নালিশ জানাবেন বলেও জানিয়েছেন সৌমিত্র।

রাষ্ট্রপতি শাসনের দাবি
অমিত শা রাজ্যে আসার পর থেকেই বাংলায় আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে আসছে বিজেপি। বৃহস্পতিবার আবারও সেই দাবিেত সরব হয়েছেন বিজেপি নেতারা। বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খান এবং অর্জুন সিং নাড্ডার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া উপায় নেই বলে দাবি করেছেন সৌমিত্র অর্জুন।

নাড্ডার উপর হামলা
আজ ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। নাড্ডার গাড়ি লক্ষ্য করে ইট, পাথর, কাচের বোতল, লাঠি ছোড়া হয়। তাতে নাড্ডার গাড়ির কাচ ভেঙে গিয়েছে। এমনকী নাড্ডার সঙ্গে থাকা কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

রাজ্য পুলিসের দাবি
এই ঘটনার পর রাজ্য পুলিসের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে জেপি নাড্ডার উপর কোনও হামলাই হয়নি। নিরাপদে রয়েছেন বিজেপির সব নেতারা। নাড্ডার কনভয়ের পিছনের কয়েকটি গাড়িতে ভাঙচুর হয়েছে। স্থানীয়রা ইট, পাথর ছুড়েছে। দেবী পুরের কাছে ঘটনাটি ঘটেছে। কী করণে ঘটনা তার তদন্ত করে দেখা হচ্ছে। রাজ্য পুলিসের এই টুইটের পরেই পুরো ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।












Click it and Unblock the Notifications