BJP Bengal: হিন্দু-নিপীড়নের প্রতিবাদে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, তুমুল বিক্ষোভের ডাক শুভেন্দুর
BJP Bengal: সোমবারের পর মঙ্গলবারও ফের উত্তপ্ত বিধানসভা। সোমের পর এদিনও বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। মন্দির ভাঙার অভিযোগে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। সেই প্রস্তাব গৃহীত না হওয়াতেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার গেটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।
বিধানসভার গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিজেপির। মমতার সরকারকে "ঠাকুর ভাঙা, মূর্তি ভাঙা সরকার" বলে তোপ দাগেন বিজেপি বিধায়করা। প্ল্যাকার্ডে লেখা হয় মুর্শিদাবাদ জেলায় হিন্দুদের উপর আক্রমণের কথাও। বিজেপির অভিযোগ, মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটিকাবাড়ি বাজারে হিন্দুদের দোকান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মমতার প্রশাসনের কাছে জবাব চেয়ে প্ল্যাকার্ডে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা।

এদিন এসংক্রান্ত মুলতুবি প্রস্তাব পেশ করেন বিজেপি বিধায়করা। কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এ সংক্রান্ত একটি প্রস্তাব আগেও গৃহীত হয়েছিল। কাজেই বিজেপির প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। এরপর টানা স্লোগান দিতে থাকে বিজেপি। স্পিকার বসতে বললেও তারা প্রতিবাদ জারি রাখেন। এরপর বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন।
এদিন বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এপ্রসঙ্গে জানান, "মুলতুবি প্রস্তাব এনেছিলেন শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, অম্বিকা রায়। কিন্তু তাদের বলতে পর্যন্ত দেওয়া হয়নি। এই সরকার তোষণবাজের চরম সীমায় গেছে। হিন্দুরা এখানে সংখ্যায় কম। নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। ভারত জিতলে আনন্দ করা যায় না পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী, তাঁর দল , তাঁর স্পিকার বিধানসভার ভেতরে আমাদের মুলতুবি প্রস্তাব, আলোচনা রেকর্ড করতে দেবেন না।"
বুধবার ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি শুভেন্দুর। তিনি বলেন, "সংবিধান মানেন না স্পিকার। রাজ্যপালকে এড়িয়ে অবৈধভাবে ২ জন বিধায়ক রায়াত হোসেন ও সায়ন্তিকা ব্যানার্জিকে হাউসে রেখেছেন। ২৫ মার্চের পরে এই স্পিকার বিমান ব্যানার্জিকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। সংসদীয় ব্যবস্থা, সংবিধান ও বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদে ১৯ তারিখে বেলা ২ টোয় স্পিকারের নির্বাচন কেন্দ্র বারুইপুরে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাবে বিজেপি।"
ভবানীপুরে মমতা বন্দ্যোপধ্যায় ও বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারানোর হুঁশিয়ারি শুভেন্দুর। এদিন একাধিক বিস্ফোরক অভিযোগও করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি জানান, "বিগত ৪-৫ দিনে বারুইপুর, তমলুকের শ্রীরামপুর ও বসিরহাটে মন্দির, দেবদেবীর মূর্তিতে আগুন লাগানো হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। কেউ গ্রেফতার হয়নি।"
শুভেন্দুর আরও অভিযোগ, "মুর্শিদাবাদের নওদা ও হাওড়ার উলুবেড়িয়ায় হিন্দুদের টার্গেট করে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত জেতায় বাজি ফাটানোয় উলুবেড়িয়ায় আক্রমণ হয়েছে। আইসি আহত হয়েছেন। বিজেপি এনিয়ে মুলতুবি প্রস্তাব আনলেও তা পড়তেই দেওয়া হয়নি। বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।"












Click it and Unblock the Notifications