সাড়ে তিন লাখ টাকার বিল বকেয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই হুমকি বিজেপি বিধায়কের
সাড়ে তিন লক্ষ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া। যার জেরে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের একটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। এতেই অগ্নিশর্মা বিজেপি বিধায়ক। দিলেন মারধর করার নিদান!

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছিল। সেই বিতর্কের মধ্যে আরও একটি বিতর্ক। তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার নেতা শুভজিৎ দাসের অভিযোগ, বিধায়ক স্বপনের গোপালনগর থানার অন্তর্গত পাল্লা গ্রামের বাড়ির মিটারের বিদ্যুতের বিল ৩ লক্ষ ৫২ হাজার ১৮৪ টাকা বকেয়া রয়েছে। গতকাল সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একজন জনপ্রতিনিধি, তাও বিধায়কের ক্ষেত্রে এমনটা হওয়া কলঙ্কের। ব্যবস্থা নেওয়া উচিত রাজ্য সরকারের।
বিজেপি বিধায়ক পাল্টা দাবি করেছেন, একই বাড়িতে থাকলেও যে বকেয়া বিলের কথা বলা হচ্ছে সেটি তাঁর ছোট ভাই জয়দেব মজুমদারের নামে। এর সঙ্গে তাঁর সম্পর্ক নেই বলেও দাবি বিধায়কের। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই ভাইয়ের নামে থাকা মিটারে অতিরিক্ত বিল পাঠাচ্ছিল বিদ্যুৎ দফতর। অভিযোগ জানালেও সমাধান হয়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদনও জানানো হয়েছিল।
স্বপন মজুমদার আরও বলেন, অকারণে সাধারণ মানুষের উপর অতিরিক্ত বিল ধার্য করছে বিদ্যুৎ দফতর। প্রতিবাদ জানাতে বিদ্যুৎ দফতরগুলিতে বিক্ষোভ দেখানো উচিত। যদি তৃণমূল নেতা বিদ্যুৎ দফতরের হয়ে কথা বলেন তাহলে ওই নেতাকে জুতোপেটা করা হবে। বিদ্যুৎ দফতরের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাঁদের ল্যাম্পপোস্টে বেঁধে পেটান! জনপ্রতিনিধির এহেন মারধরের নিদান সংক্রান্ত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।












Click it and Unblock the Notifications