Manoj Oraon: "এই পরিবেশে থাকতে পারছি না," দলের সমস্ত পদে ইস্তফা বিজেপি বিধায়কের; 'ফুল' বদলের জল্পনা!
BJP Bengal: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই ফের বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। দিনকয়েক আগেই সদলবলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। আর এবার বেসুরো কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। স্রেফ বেসুরোই নয়, ফেসবুক পোস্টে ঘোষণা করলেন দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও।
বিজেপির সমস্ত পদ ছাড়লেন বিধায়ক মনোজ কুমার ওঁরাও। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দের ইঙ্গিত পাওয়া গেল বিধায়কের ফেসবুক পোস্টেই। মনোজের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে সচেষ্ট হলেও কিছু নেতৃত্ব তাতে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। পোস্টে বিধায়ক লেখেন, "শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে।"

এখানেই থেমে থাকেননি মনোজ। তাঁর পোস্টে আরও দাবি, দলের কয়েকজন নেতৃত্ব সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করছে। এমনকী চাটুকারিতাই নাকি দলে প্রাধান্য পাচ্ছে। এরপরই পোস্টে বিধায়কের হুঁশিয়ারি, আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। এরপরই পোস্টে বিধায়কের ঘোষণা, "এই পরিবেশে দলের কোন দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকব।"
যদিও যে নিজের যে ছবি বিধায়ক পোস্ট করেছেন, তাতে লেখা রয়েছে তিনি মাঠ ছাড়ছেন না, মাঠেই থাকবেন। কিন্তু তার এহেন পোস্টে অস্বস্তিতে গেরুয়া শিবির। দলের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কেন পৌঁছতে হল বিধায়ককে? তাহলে নিচুস্তরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কি জানে নাউপরমহল? এসব প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে রাজনৈতিক মহলে।
যদিও মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়ে দেন, যদি কোনও দ্বন্দ্ব থেকে থাকে তা খতিয়ে দেখা হবে। কথা বলে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত ১০ মার্চ হলদিয়ার বিধায়ক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দল ছাড়েন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁকে রাজ্য উওমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সনও করা হয়। নির্বাচনের আগে দলবদল নতুন কিছু নয়। মনোজ ওঁরাওয়ের পোস্টে ফের নতুন করে জল্পনা বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications