টলিউডের ৯৯% দুর্নীতিগ্রস্ত! একইসঙ্গে দেব-সায়নী-বনিকে নিশানা হিরণ চট্টোপাধ্যায়ের
দুর্নীতিতে ডুবে টলিউড। এদিন এমনটাই অভিযোগ করলেন, বিজেপির অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এদিন তিনি দুর্নীতি ইস্যুতে একইসঙ্গে তৃণমূল সাংসদ দেব, তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এবং নবীন অভিনেতা বনি সেনগুপ্তকে নিশানা করেন। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

টলিউডের ৯৯% শতাংশ প্রযোজক দুর্নীতি গ্রস্ত
খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ টলিউড ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত। সেই তালিকায় শুধু প্রযোজকরাই নন, অভিনেতা-অভিনেত্রীরা, সুপারস্টার, মেগাস্টার অধিকাংশই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এদিন তিনি চন্দ্রকোণায় ঘাটালের বিধায়ক শীতল কপাটের পাশে বসে যাবতীয় অভিযোগ করেন। প্রযোজক শ্রীকান্ত মোহতাকে আক্রমণ করে হিরণ বলেছেন, কোটি কোটি টাকা লুট করেছে। জেলও খেটেছে।

দেব-সায়নী-বনিকে নিশানা
এদিন টলিউডে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ঘাটালের তৃণমূল সাংসদ দেব গরুপাচার চক্রে হেফাজতে থাকা এনামূল হকের থেকে ৫ কোটি টাকা নিয়েছে। এদিন হিরণ বলেন, বনি বাচ্চা ছেলে, যে সবেমাত্র অভিনয় জগতে এসেছে, সেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সায়নী ঘোষকে নিয়ে হিরণ বলেন, আদালতে বিচারপতি তাঁর একের পর এক ফ্ল্যাট নিয়ে প্রশ্ন করেছেন। কার টাকায় তিনি এসব করেছেন, তা সবাই দেখ পাচ্ছে, বলেছে্ন হিরণ।

আগেও দেবের বিরুদ্ধে অভিযোগ
এর আগেও হিরণ একই অভিযোগ করেছিলেন। তার জবাবও দিয়েছিলেন দেব। ঘাটালের তৃণমূল সাংসদ সেই সময় বলেছিলেন, আয়ের সব হিসেব তিনি দিয়ে দেবেন। এদিন হিরণ সেই প্রসঙ্গ উল্লেখ করেন। বলেন, তিনি আগেও দেবের টাকা নেওয়ার কথা বলেছিলেন। সেই সময় দেবের ফ্যানেরা তাঁর ওপরে রাগ করেছিল বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ করা যেতে পারে মাস কয়েক আগে হিরণ ঘাটালে গিয়ে দেবের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করার পাশাপাশি বলেছিলেন, ঘাটালেন মানুষ ঢুবে যাচ্ছেন আর দেব মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

তৃণমূল মানেই দুর্নীতি
হিরণ বলেন, তৃণমূল মানেই দুর্নীতি। দুর্নীতি নিয়ে তৃণমূল তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। খড়গপুর সদরের বিধায়ক বলেন, তৃণমূলের দুর্নীতির কথা এখন মানুষ জানতে পারছেন। তৃণমূলের নেতানেত্রীদের ঘরে কোটি কোটি টাকা থাকার কথা আদালতের হস্তক্ষেপের ফলে মানুষ জানতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।

পাল্টা তৃণমূলের প্রতিক্রিয়া
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপিতে থেকে কাদা না ছুড়ে ইডি-সিবিআইকে পাঠালেই পারেন। কুণার ঘোষ আরও বলেন, হিরণের উচিত সবার আগে শুভেন্দু অধিকারীর কথা বলা। তৃণমূলের অপর মুখপাত্র শান্তনু সেন বলেছেন, হিরণ একটা সময় তৃণমূলে আসার খুব চেষ্টা করেছিলেন। শর্ত আরোপ করাতেই তা হয়নি।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications