'তৃণমূলের অনেক সৎ নেতা বিজেপিতে আসতে চাইছে', দলবদলের জল্পনা উড়িয়ে বললেন হিরণ
অভিনেতা হিরণ কি সত্যিই তৃণমূলে যোগ দিচ্ছেন? অবশেষে মুখ খুললেন তিনি।
তিনি বিজেপিতে আছেন। দলবদলের কোনও প্রশ্নই ওঠে না। সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, যে ভাইরাল ছবি ঘিরে যাবতীয় বিতর্ক তা নিয়েও মুখ খুললেন তিনি। হিরণের স্পষ্ট দাবি, ওই ছবি বিকৃত করা হয়েছে।
ইন্টারনেট এবং এআইয়ের দুনিয়াতে ছবি বিকৃত করাটা কোনও নতুন নয় বলেও জানাচ্ছেন বিজেপি নেতা। একই সঙ্গে এদিন তৃণমূলকে তীব্র আক্রমণ শানান তিনি।

ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
গত কয়েকদিন আগেই হিরণের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যায় তৃণমূলের একটি অফিসে বসে আছেন বিজেপি বিধায়ক। তাঁর সঙ্গেই রয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি। আর এরপর থেকেই হিরণের তৃণমূল যোগ নিয়ে শুরু হয়েছে জল্পনা। এমনকি ডিল ঠিক না হওয়াতেই নাকি তৃণমূলমুখী হচ্ছেন না অভিনেতা, এমন জল্পনাও রাজনৈতিকমহলে শুরু হয়েছে। আর এই অবস্থায় আজ সাংবাদিকদের মুখোমুখি হন হিরণ। আর সেখানেই তৃণমূলকে আক্রমণ করে ছবির ব্যাখ্যা তিনি। এমনকি অভিষেকের সঙ্গে যোগ নিয়েও মুখ খুলেছেন হিরণ।

অভিষেক-হিরণ সম্পর্ক
হিরণের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সম্পর্ক ছিল। একসঙ্গে আমরা গোটা বাংলা ঘুরেছি। কিন্তু ২১ সালের পর থেকে অভিষেকবাবুর সঙ্গে কোনও সম্পর্ক নেই। কিন্তু আগামিদিনে আমার ভিডিও আসতে পারে! যেখানে তৃণমূলের ঝান্ডাও থাকতে পারে। তবে আজকের দিনে ডিজিটাল এবং এআই খুব গুরুত্বপূর্ণ। আর সেই ছবি ডিজিটালি বিকৃত করা হয়েছে বলেও দাবি বিজেপি বিধায়কের। শুধু তাই নয়, আগামিদিনে বাংলার মানুষ কখনই বিশ্বাস করবেন না যে হিরণ তৃণমূল যোগ দেবে। মন্তব্য তাঁর।

কিন্তু কেন হিরণকে নিয়েই এত জল্পনা!
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যাসাগরের উদাহারণ তুলে ধরেছেন বিধায়ক। তাঁর দাবি, আপনি যখন ভালো কাজ করবেন। অন্যায়ের কাছে মাথা নত করবেন না। মেরুদন্ড সোজা রেখে চলবেন, শিরদাঁড়া বিক্রি করবেন না তখন টার্গেট হবেনই। সবাই তো বলেছিল হিরণ হেরে যাবে। বিধায়ক এবং কাউন্সিলার হিসাবেও জিতে এসেছি। আর সেই কারণেই টার্গেট। শুধু তাই নয়, আমাকে লাঞ্ছিত করে বিজেপির মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি হিরণের। তবে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন ফের একবার নাম না করে অভিনেতা দেবকে আক্রমণ করেন তিনি।

অনেক তৃণমূল বিধায়ক বিজেপিতে আসতে চাইছে
তবে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেক তৃণমূল বিধায়ক বিজেপিতে আসতে চাইছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন হিরণ। তৃণমূল চোর-দুর্নীতির পার্টি দাবি করে তাঁর দাবি, তৃণমূলে অনেক সৎ নেতা আছে। তাঁদের দমবন্ধ হয়ে আসছে সেখানে। তাঁরা বলছেন, নেতৃত্বকে বলো একটু জানলার খিরকি খুলতে। এমনকি মিঠুনদা, শুভেন্দুবাবুর সঙ্গে অনেকে যোগাযোগ রাখছে বলেও দাবি হিরণের। বলে রাখা প্রয়োজন, শুক্রবার দীর্ঘক্ষণ শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন হিরণ।












Click it and Unblock the Notifications