মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন গোপনে, তবে ঝরা মুকুল হবেন না! বিজেপি ছাড়ার জল্পনায় বার্তা অশোকের
মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন, ঝরা মুকুল হবেন না! বিজেপি ছাড়ার জল্পনায় বার্তা অশোকের
একুশের নির্বাচনের পর বিজেপিতে ফাটল ক্রমেই চওড়া হয়েছে। এক এক করে মুকুল রায়ের পথ ধরে চারজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আরও অনেককে নিয়ে জল্পনা চলছে। আর বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সম্প্রতি দলবদল করে বিজেপিকে মোক্ষম ধাক্কা দিয়েছেন। তারপর থেকেই এক বড় নাম নিয়ে জল্পনা চলছিল। সেই বড় নাম অশোক লাহিড়ী অবশেষ মুখ খুললেন তাঁর দলবদলের জল্পনার পরিপ্রেক্ষিতে।

অশোক লাহি়ড়ীকে নিয়ে জল্পনার কি অবসান?
সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল অশোক লাহিড়ী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। এবং তিনিই হবেন রাজ্যর পরবর্তী অর্থমন্ত্রী। বালুরঘাটের সাংসদ যখন বিজেপির রাজ্য সভাপতি, তখন বালুরঘাটের বিধায়ককে নিয়ে এই জল্পনায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনায় জল ঢেলে দিলেন অশোক লাহি়ড়ী স্বয়ং।

নিজের অবস্থান স্পষ্ট করে কী বললেন অশোক লাহিড়ী
অশোক লাহিড়ীকে নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। মঙ্গলবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, বসন্তকালে আমগাছে অনেক মুকুল আসে। পরে তা ঝরে যায়। আমি কিন্তু ঝরা মুকুল নই। আমি কখনই আয়ারাম বা গয়ারাম হতে চাই না। আগামী ৫ বথর এই দলেই থাকছি। আমি গঠনমূলক বিরোধিতা করতে চাই।

মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন, কেন বললেন বিজেপি বিধায়ক
এরপরেই এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন বিজেপির বালুরঘাটের বিধায়ক। তিনি বলেন, আমি বিরোধী দলের বিধায়ক মানে এই নয় যে আমাকে সরকারের সমস্ত কাজের বিরোধিতা করতে হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে যদি কোনও পরামর্শ চান, তবে যথাযথ গোপনীয়তা রক্ষা করে সেই পরামর্শ দেব।

অশোক লাহিড়ী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জল্পনা
অশোক লাহিড়ী তাঁর কর্মজীবনের দীর্ঘ সময়ে কেন্দ্রীয় সরকারের আর্খিত উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ তিনি। এবার তাঁকে অর্থমন্ত্রী প্রজেক্ট করেই বিজেপি বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছিল। তাঁকে নামানো হয়েছিল সক্রিয় রাজনীতিতে। সেই অশোক লাহিড়ী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়।

বিজেপির চাপেই অশোক-লকেটরা স্পষ্ট করলেন অবস্থান
এখন প্রশ্ন উঠেছে অশোক লাহিড়ীকে কেন সংবাদিক বৈঠক করে বলতে হল যে, দল ছাড়ছি না। আগামী ৫ বছর বিজেপিতেই থাকছি। আমি ঝরা মুকুল নই। বিজেপির চাপেই কি তবে তাঁকে এই কথা বলতে হল? পাল্টা রাজনৈতিক কৌশল নিয়ে বিজেপি বাধ্য করল অবস্থান স্পষ্ করতে! একইভাবে লকেট চট্টোপাধ্যায়কে দিয়ে বিজেপি স্পষ্ট করাল অবস্থান।

অশোক লাহিড়ীকে নিয়ে ফিরহাদ দিয়েছিলেন ক্লু
ভবানীপুরে প্রচার পর্বে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম একটি ক্লু দেন। তিনি বলেন, বাবুল সুপ্রিয়র থেকে বড় এক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন। যিনি আসছেন তিনি আগে কখনও তৃণমূলে ছিলেন না। ফলে জল্পনায় উঠে আসে অশোক লাহিড়ীর নাম। তৃণমূলের একাংশ জল্পনা বাড়িয়ে জানায় তাঁকে পরবর্তী অর্থমন্ত্রী করা হবে।












Click it and Unblock the Notifications