মুর্শিদাবাদে বিজেপির আরও এক সভার অনুমতি বানচাল, ক্ষোভে ফুটছে গেরুয়া শিবির
মুর্শিদাবাদে বিজেপিকে সভা করার অনুমতি দিল না তৃণমূল কংগ্রেস সরকার।
অমিত শাহ, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের ক্ষেত্রেই সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। কারও সভার অনুমতি মেলেনি, কারও সভাস্থল পাল্টে দেওয়া হয়েছে আবার কারও হেলিকপ্টার নামানোর অনুমতি দেওয়া হয়নি। এবারও একই ঘটনা ঘটল। মুর্শিদাবাদে বিজেপিকে সভা করার অনুমতি দিল না তৃণমূল কংগ্রেস সরকার। এমনই অভিযোগ করেছে বিজেপি।

মুর্শিদাবাদে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনের সভা করার কথা ছিল। তবে সেই সভার অনুমতি প্রশাসনের তরফে মেলেনি বলে জানা গিয়েছে। যার প্রেক্ষিতে শাহনওয়াজ রাজ্যকে তোপ দেগেছেন। তিনি মুর্শিদাবাদ যাবেন বলেও জানিয়েছেন।
রাজ্য বিজেপির তরফেও জানানো হয়েছে যে সভার অনুমতি না দিলেও শাহনওয়াজ হুসেন সেখানে যাচ্ছেন। তিনি বলেছেন, প্রশাসনের কাছে অনুমতি চাইলেও বিজেপি নেতাদের সভা করতে অনুমতি দেওয়া হচ্ছে না। অগণতান্ত্রিক উপায়ে সরকার চালাচ্ছেন মমতা। এই অভিযোগ এই বিজেপি নেতার।
এর আগে বাঁকুড়ায় চপার নামার অনুমতি দেওয়া হয়নি বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভায় যোগ দিতে পারেননি। তবে এদিন মঙ্গলবার পুরুলিয়ায় সভা করছেন তিনি। সংলগ্ন ঝাড়খণ্ডের বোকারোতে চপার নামিয়ে সেখান থেকে বাকী পথটুকু গাড়িতে করে গিয়ে পুরুলিয়ায় সভা করছেন যোগী।
চপার নামানোর অনুমতি দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়িমসি করেছে। ফলে ঝাড়খণ্ডের পথ ধরে আসার পরিকল্পনা নেয় বিজেপি। এর আগে রবিবার যোগী আদিত্যনাথ উত্তরবঙ্গের বায়গঞ্জ ও বালুরঘাটে সভা করতে চেয়ে পারেননি। কারণ সেখানেও চপার নামানোর অনুমতি রাজ্য সরকার দেয়নি। ফলে মোবাইল ফোনে তাঁর বার্তা দেন যোগী।












Click it and Unblock the Notifications