মমতা ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী! জ্যোতি বসুকেও হার মানাবেন, দাঁড়িভিটে দাঁড়িয়ে তোপ মুকুলের
সম্মুখ সমরে মমতা-মুকুল। একদা নেত্রীকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন মুকুল রায়। এমনকী হিটলার বলতেও কসুর করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ইসলামপুর-কাণ্ডে বিজেপির ডাকা বনধের প্রতিবাদ করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলার বলে কটাক্ষ করেছিলেন মুকুল রায়। এবার ইসলামপুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে মুকুল রায় বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী। তিনি এ ব্যাপারে জ্যোতি বসুকেও হার মানাবেন। বিগত সাত বছরে তিনি সেই পরিচয় রেখেছেন।

শনিবার মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল ইসলামপুরের দাঁড়িভিটে যায়। সেখানে নিহত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। পরিবারের পাশে দাঁড়িয়ে এই ঘটনায় পুলিশের সমালোচনা করেন। দাবি করেন সিবিআই তদন্তের। মুকুল রায় থেকে লকেট চট্টোপাধ্যায় এক বাক্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

মুকুল রায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন তিনি কত টাকার বিনিয়োগ এনেছেন রাজ্যে। এবার মিলান থেকে ফিরে, তার হিসেব দিন মুখ্যমন্ত্রী। রাজ্যকে অশান্ত করে মুখ্যমন্ত্রী বিদেশ ভ্রমণে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। এইসব ঘটনার পিছনে রাজ্যের দুর্নীতি পরায়ন সরকারের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি নিশানা করেন রাজ্যের পুলিশ প্রশাসনকে। তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও তাঁর অভিযোগ।

মুকুল রায় শনিবার অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মতো আচরণ করছেন। তিনি ভুলে যাচ্ছেন একটা সময় ৩৬ ঘণ্টা বনধ ডেকেছিলেন। আর এখন ক্ষমতায় এসে মানুষের আন্দোলন অধিকার হরণ করছেন। মানুষের প্রতিবাদে ভাষাকে কেড়ে নিচ্ছেন।

উল্লেখ্য, ইসলামপুরে গুলিবিদ্ধ দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বাংলা বনধ ডেকেছে বিজেপি। নবান্ন অভিযান বাতিল করে ২৬ সেপ্টেম্বর ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। বনধের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনও বনধ হবে না।












Click it and Unblock the Notifications