দার্জিলিংয়ে শিল্প সম্মেলন 'নতুন নাটক', মুখ্যমন্ত্রীকে 'মউ দিদি' বলে কটাক্ষ মুকুলের
তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন মুকুল রায়। পাশাপাশি শিল্প সম্মেলন ঘিরেও তীব্র শ্লেষ ভেসে এসেছে মুকুলের কথায়।
দার্জিলিংয়ে শিল্প সম্মেলন করে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত ২ হাজার কোটি টাকার প্রস্তাব এসেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এমনকী সিকিম সরকারের সঙ্গে কথা বলে উত্তরবঙ্গ ও সংলগ্ন রাজ্যে শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার প্রচেষ্টা শুরু করেছে তৃণমূল সরকার।

এই চেষ্টাকেই 'নতুন নাটক' বলে ব্যাখ্যা করলেন বিজেপি নেতা মুকুল রায়। পঞ্চায়েতের কৌশল সাজাতে উত্তরবঙ্গে গিয়েছেন মুকুল রায়। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি। পাশাপাশি শিল্প সম্মেলন ঘিরেও তীব্র শ্লেষ ভেসে এসেছে মুকুলের কথায়।
মুকুল বলেছেন, দার্জিলিংয়ে নতুন নাটক শুরু হয়েছে। বাংলায় এর আগে পাঁচবার শিল্প সম্মেলন হয়েছে। কখনও ২ লক্ষ কোটি টাকা কখনও ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব হয়েছে বলে দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী একটি শ্বেতপত্র প্রকাশ করে বলবেন কি, কত টাকা বাংলায় বিনিয়োগ হয়েছে এবং সেই সম্মেলন করতে কত টাকা খরচ হয়েছে?
এখানেই না থেমে দার্জিলিংয়ে শিল্প সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে তীব্র আক্রমণ করে মুকুল রায় বলেন, দার্জিলিংয়ে ফের নতুন নাটক শুরু হয়েছে। এবার মমতার নামও হবে 'মউ দিদি'।
উত্তরপ্রদেশে বিজেপির হারের বিষয়েও বলতে গিয়ে মুকুল বলেন, ২ টো আসনে হার নিয়ে মন্তব্য করা ঠিক নয়। এইতো ত্রিপুরায় জিতেছে। আগামী নির্বাচনেও জিতবে। কর্ণাটকেও জিতবে। ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে দুটি নির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।
উত্তরবঙ্গে গিয়ে মুকুল অবশ্য আরও অনেক অভিযোগ করেছেন। তৃণমূল আমলে রাজনীতিটুকুও করা যাচ্ছে না বলে অভিযোগ করার পাশাপাশি একসময়ের তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের অভিযোগ, জলপাইগুড়ির পুলিশ সুপার, ডেপুটি সুপার ও ওসি স্থানীয় চিটফান্ডের থেকে উৎকোচ গ্রহণ করে বিজেপির সংগঠন ভাঙার চেষ্টা করছে। জলপাইগুড়ির উৎকোচগ্রহণকারী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই যাতে তদন্ত শুরু করে ব্যবস্থা নেয় তার জন্য মুকুল আবেদন করেন।












Click it and Unblock the Notifications