Khalistan Row: খালিস্তানি মন্তব্যে বিতর্ক, শুভেন্দুকে ফোন কেন্দ্রীয় শিখ নেতার, বড় মন্তব্য বাংলার সাংসদের
Khalistan Row: খালিস্তানি বিতর্কে উত্তাল বাংলা। চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। এমনকি উত্তর কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনেও মঙ্গলবার দফায় দফায় চলছে বিক্ষোভ। খালিস্তানি মন্তব্যে ক্ষমা চাওয়া না পর্যন্ত বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের।
ঘটনার আঁচ বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। পরিস্থিতি বুঝতে শুভেন্দু অধিকারীকে ফোন করলেন বিজেপির সর্বভারতীয় নেতা মনজিন্দর সিং সিরসা। ঘটনার (Khalistan Row) পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া।

বিজেপির সর্বভারতীয় কমিটিতে দুজন শিখ সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন। রয়েছেন মনজিন্দর সিং সিরসা এবং নরেন্দ্র সিং। তবে এদিন বিরোধী দলনেতাকে ফোন করেন মনজিন্দর সিং সিরসা। গোটা ঘটনা বিস্তারিত জানতে চান নন্দীগ্রামের বিজেপি বিধায়কের সঙ্গে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কি কথা হয়েছে তা এখনও জানা যায়নি। এমনকি এই বিষয়ে বিজেপি নেতৃত্বের তরফেও কোনও মন্তব্য করা হয়নি। তবে শুভেন্দুকে মনজিন্দরের ফোন বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এমনকি জাতীয়স্তরে বিষয়টিকে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবে নেওয়া হয়েছে তা কার্যত স্পষ্ট বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ তথা শিখ বিজেপি নেতা সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে দেশ এবং বিদেশ থেকে বহু ফোন আসছে। এই নিয়ে একেবারে গভীরে গিয়ে তদন্তের কথা জানিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে বঙ্গ বিজেপির দাবি, দলের তরফে এই মন্তব্য কেউ করেনি। অন্যদিকে কেউ যদি এই মন্তব্য করে থাকেন তাহলে তা অন্যায় বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
বলে রাখা প্রয়োজন, ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সন্দেশখালি যেতে গেলে তাঁদের আটকায় পুলিশ প্রশাসন। স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট (ইনটেলিজেন্স ব্যুরো) জসপ্রীত সিং সেই সময় ডিউটিতে ছিলেন। তাঁর সঙ্গেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারীরা। আর সেই সময় কেউ বা কারা খালিস্তানি বলে ওই পুলিশ আধিকারিককে আক্রমণ শানান। যদিও বিরোধী দলনেতা তিনি পালটা জানিয়েছেন এমন মন্তব্য করেননি।
যদিও রাজ্য পুলিশের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে খালিস্তানি বলতে শোনা যাচ্ছে বিরোধী দলনেতাকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অগ্নিমিত্রা পালকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে শেয়ার করা ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি।












Click it and Unblock the Notifications