বিজেপিতে ফের বিদ্রোহ! নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে ঝুলছে শাস্তির খাঁড়া
নিজের দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা। আর সঙ্গে সঙ্গে দলবিরোধী মন্তব্যের জেরে শাস্তির খাঁড়া ঝুলিয়ে দেওয়া হল ওই বিজেপির নেতার উপর।
রাজ্যে ভিত শক্ত করতে মুকুল রায়ের মতো দক্ষ সংগঠককে দলে এনেছে বিজেপি। কিন্তু তারপরও দল থেকে নড়বড়ে ভাব যাচ্ছে না। এবার নিজের দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা। আর সঙ্গে সঙ্গে দলবিরোধী মন্তব্যের জেরে শাস্তির খাঁড়া ঝুলিয়ে দেওয়া হল ওই বিজেপির নেতার উপর।

এই ঘটনায় শিলিগুড়ি বিজেপিতে কোন্দল তুঙ্গে উঠেছে। সরাসরি জেলা নেতৃত্বের বিরুদ্ধে লবি বাজির অভিযোগ করেছেন বিজেপি নেতা হনুমান আগরওয়াল। তারই জেরে তাঁকে শোকজ করা হয়েছে। শোকজের চিঠি পাওয়ার পর দল তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। চিঠির উত্তর চিঠিতেই দেবেন বলে সাফ জানিয়েছেন হনুমানবাবু।
শিলিগুড়ির আট নম্বর মণ্ডলের সভাপতি হনুমান আগরওয়াল। তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে রাতারাতি শিরোনামে উঠে এসেছেন। তারপরই জেলা কমিটির পক্ষ থেকে তাঁকে শোকজের চিঠি দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল। এই ঘটনাকে দলের অন্দরের ঘটনা বলেই ব্যাখ্যা করেছেন তিনি।
সম্প্রতি হনুমানবাবুকে জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়। তারপরই বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হন তিনি। এমনকী এই বাদ পড়ার ঘটনায় লবিবাজির অভিযোগ করেন হনুমানবাবু। তারপরই জেলা নেতৃত্ব তাঁর বিরুদ্ধে কোমর বাঁধে। এবং শাস্তির প্রাথমিক পদক্ষেপ শুরু হয়ে যায়। বিজেপি নেতৃত্বের সাফ কথা, দলে থেকে দলবিরোধী মন্তব্য বরদাস্ত করা হবে না।
আর হনুমানবাবু জানিয়েছেন, 'শোকজের চিঠি পেয়েছি। দলকে লিখিতভাবেই উত্তর দেব।' তিনি সাফ জানিয়েছেন, 'দলবিরোধী কোনও কাজ তিনি করেননি। যা সত্য, তা-ই তিনি বলেছেন। সত্যের মোকাবিলা করতে তিনি ভয় পান না। চান না কোনও লুকোচুরি করতেও। সোজা কথা সোজা ভাবেই তিনি বলতে চান।'












Click it and Unblock the Notifications