অধীর চৌধুরীকে 'গুরুদেব' মানলেন অর্জুন সিং! বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানে ফের জল্পনা
অধীর চৌধুরীকে 'গুরুদেব' মানলেন অর্জুন সিং! বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানে ফের জল্পনা
প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি তথা বহরমপুরের (Berhampur) সাংসদ অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ফের বিজেপিতে (BJP) যোগ দেওয়ার আহ্বান। এবার এই আহ্বান জানালেন বিজেপির রাজ্য সহ-সভাপতি অর্জুন সিং (Arjun Singh)। এদিন তিনি গিয়েছিলেন মুর্শিদাবাদে (Murshidabad)। সেখানেই তিনি অধীর চৌধুরীর ব্যাপক প্রশংসা করেন।

অধীর চৌধুরীকে বিজেপিতে আহ্বান অর্জুনের
দিলীপ ঘোষের পরে অধীর চৌধুরীকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ দক্ষিণ জেলার বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন অর্জুন সিং। সেখানেই তিনি বলেন, অনেকের সঙ্গে তাঁর (অর্জুন) কথা হয়েছে। বহরমপুর আর অধীরবাবুর বহরমপুর নেই। সেখানে বিজেপি জায়গা করে নিয়েছে। পাশাপাশি তিনি বলেন. অধীরদা মমতা ব্যানার্জির বিরুদ্ধে চিন্তাধারায় বিশ্বাসী, তবে ওনার পার্টি সেই চিন্তাধারায় বিশ্বাসী কিনা তিনি (অর্জুন) জানেন না। সেই কারণে অধীর চৌধুরীর কাছে তাদের (বিজেপি) আবেদন তিনি (অধীর) যেন বিজেপিকে সমর্থন করেন।

গুরুদেব আছেন
অধীর চৌধুরীকে অভিজ্ঞ রাজনীতিক বলার পাশাপাশি তাঁর প্রশংসা করতে গিয়ে অর্জুন সিং বলে, তাঁর কাছে গুরুদেবের মতো। অর্জুন সিং আরও বলেন, অধীরদার মতো লোক, যিনি এখনও সাংসদ, তাঁকে স্বাগত না জানিয়ে তিনি কোনও খারাপ কথা বলতে পারেন না। তিনি সিনিয়র লিডার, আলাদা দল করলেও অধীর চৌধুরীকে শ্রদ্ধার কথা জানান অর্জুন।
দলের নেতা থেকে বিধায়ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে তিনি বলেন, এব্যাপারে প্রকাশ্যে কথা না বলে দলের সঙ্গে কথা বলা উচিত। তিনি বলেছেন, কোনও ব্যক্তিকে দেখে নয়, মানুষ ভোট দিয়েছে বিজেপিকে।

জেলা কংগ্রেসের প্রতিক্রিয়া
জেলা কংগ্রেসের তরফে বিজেপি সাংসদ অর্জুন সিং-এর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে। জেলা কংগ্রেস বলেছে, রাজনীতির বাইরে কোনও মানুষের প্রতি কোনও মানুষের শ্রদ্ধা থাকতেই পারে। এব্যাপারে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা তুলে ধরেছে কংগ্রেস। জেলা কংগ্রেস আরও বলেছে, অধীর চৌধুরীর রাজনৈতিক দক্ষতা আর অভিজ্ঞতা সম্পর্কে শ্রদ্ধা আছে বলেই অর্জুন সিং-এর এই মন্তব্য।

বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন দিলীপ ঘোষ
গত সেপ্টেম্বরে বহরমপুরে গিয়ে অধীর চৌধুরীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, বিজেপি নিরাপদ জায়গায়, ডুবন্ত নৌকা ছেড়ে বিজেপিতে আসুন। দিলীপ ঘোষ বলেছিলেন, অধীরবাবু হয়তো রাস্তা খুঁজছেন। ডুবন্ত নৌকা ছেড়ে দিয়ে ফুটো হয়ে যাওয়া নৌকায় যেতে চাইছেন। দিলীপ ঘোষ বলেছিলেন, একটাই সেফ জায়গা আছে, তা হল ভারতীয় জনতা পার্টি। যদিও অধীর চৌধুরী দিলীপ ঘোষের কথাকে কোনও গুরুত্ব দিতেই রাজি হননি।












Click it and Unblock the Notifications