সোশ্যাল মিডিয়া পোস্টে 'দুষ্টু গরু'! সবার দাদা মোদী: অনুপম হাজরা
দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল। বাংলায় প্রচলিত প্রবাদের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করে জল্পনা বাড়ালেন, বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সেখানেই প্রশ্ন উঠছে অনুপমের দুষ্টু গরু কারা।
দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে অনুপম হাজরা বলেছেন, দলের মাননীয় ক্যাপ্টেনের সঙ্গে তাঁর সর্বশেষ বৈঠকের কথা মাথায় রেখে নতুন-পুরনো, সংগঠনে থাকা, সগঠনের বাইরে থাকা কার্যকর্তা ও নেতাদের উদ্দেশে অনুরোধ করছেন, মান-অভিমান, অভাব-অভিযোগ কিছু থাকলে চার দেওয়ালের মধ্যে জানান। সেই নেতা বা কর্মীর সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাবার দায়িত্ব অনুতম হাজরার।

সোশ্যাল মিডিয়া পোস্টেই অনুপম হাজরা জানিয়েছেন, তাঁকে দলের তরফে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ জেলায় ১১ টির মধ্যে ৯টি বিধানসভার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, বোলপুর-বীরভূম দিয়ে যাত্রা শুরু করেছেন তিনি।
অনুপম হাজরা আরও বলেছেন, যদি মনে হয় পার্টির সংগঠনের পদ থেকে নিজের ইগো বা অভিমানটা বেশি গুরুত্বপূর্ণ বা পদ আগলে বসে থেকে ভিতরে ভিতরে ক্ষতি করবেন, তাহলে তিনি সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করবেন, যাতে সেই নেতা কোনওভাবেই পদের ক্ষমতার অপব্যবহার করতে না পারেন।
স্পষ্টই অনুপম হাজরার হুঁশিয়ারি ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিমাসে রিপোর্ট পাঠাবেন তিনি। যেসব নেতা বুথ কর্মীদের ফোন ধরেন না বা এড়িয়ে যান কিংবা দলের মধ্যে থেকেও নেই, সেইসব নেতাদের তিনি দুষ্টু গরু বলেছেন। এছাড়াও যেসব নেতা দলের মধ্যে নিজের দল করতে উৎসাহ দেখাচ্ছেন, তাঁদের উদ্দেশেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।
অনুপম হাজরা বলেছেন, সবার দাদা মোদী। লবি না করে নরেন্দ্র মোদীর লবি করলে দলটা শক্তিশালী হবে।












Click it and Unblock the Notifications