"বিজেপি হিংসুটে, ওরা কারও ভালো দেখতে পারে না, শুধু ভাষণ দেয়" : মমতা
মমতার কথায়, আমরা আজ অনেক এগিয়ে গিয়েছি। আর এটা বিজেপি সহ্য করতে পারে না। ওরা হিংসুটে। ওরা কোনও রাজ্যকে টাকাপয়সা দেওয়ার কথা ভাবতেই পারে না। আর এত দেনা শোধ করেও বাংলা এগোচ্ছে।
আলিপুরদুয়ার, ২৬ এপ্রিল : রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর এসেই আগামী নির্বাচনে বিজেপির রাজ্য জয়ের ঘোষণা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সরকারকে। এদিন পাল্টা তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক সেরে বেরিয়ে এসে বিজেপি ও কেন্দ্র সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, ২০১২ সাল থেকে পরপর পাঁচবার আমরা কৃষিতে ভালো কাজ করার জন্য পুরস্কার পেয়েছি। তাহলে কে ভুল আর কে ঠিক তা তথ্যই প্রমাণ করে দেবে। তাই সত্য বলার চেষ্টা করবেন। কেউ কেউ কাজ করে না, ভাবে স্যোশাল নেটওয়ার্কে ভাষণ দিয়ে, হাজার হাজার কোটি টাকা ছড়িয়ে মিথ্যা ভাষণ দিলে সব হয়ে যাবে। তবে এটা বাংলা তা মাথায় রাখতে হবে।

মমতার কথায়, আমরা আজ অনেক এগিয়ে গিয়েছি। আর এটা বিজেপি সহ্য করতে পারে না। ওরা হিংসুটে। ওরা কোনও রাজ্যকে টাকাপয়সা দেওয়ার কথা ভাবতেই পারে না। আর এত দেনা শোধ করেও বাংলা এগিয়ে যাচ্ছে। মাথায় রাখবেন এই দেনা আমরা করিনি সিপিএম করেছে। তা যতদিন শোধ না হয় তা লাফিয়ে বাড়ে।
রাজ্যের ঘাড়ে দেনার বোঝা নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই মমতা সরব। বেশ কয়েকবার কেন্দ্রের কাছে ঋণ মকুবের আবেদন জানানো সত্ত্বেও তাতে কর্ণপাত করেনি কংগ্রেস-বিজেপি কোনও সরকারই। এদিন সেই প্রসঙ্গে মমতা বলেন, আমার রাজ্যের যা আয় তার সবটাই দেনা শোধ করতে চলে যায়। একটা টাকাও আমাদের কাজে লাগে না। পুরো টাকাটাই কেন্দ্র নিয়ে চলে যায়। আমাদের থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে বিজেপি বড় বড় ভাষণ দিচ্ছে।












Click it and Unblock the Notifications