ডেঙ্গি ইস্যুতে ঘুরিয়ে বিজেপিকে তোপ, তথ্য তুলে ধরে কী জানালেন রাজ্যের মুখ্যসচিব
সোমবার সল্টলেকে স্বাস্থ্যভবন অভিযানে নেমে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্য সরকার ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ। ২৪ ঘণ্টার মধ্যেই তার জবাব দিল রাজ্য।
দেশের অন্য অংশের তুলনায় পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক কম। বিজেপি-র বিক্ষোভ দেখানোর ২৪ ঘণ্টার মধ্যেই তথ্য তুলে ধরে রাজ্য সরকার জানিয়ে দিল, অযথা ডেঙ্গি নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। সেইসঙ্গে রাজ্যের মুখ্যসচিব সাফ জানিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত ডেঙ্গিতে মৃতের সংখ্যা ৩৪। আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৩৮ জন।

রাজ্যের মুখ্যসচিব মলয় দে-র দাবি, সম্পূর্ণ পরিস্থিতি নাগালের মধ্যেই রয়েছে। তথ্য গোপনের যে অভিযোগ বিরোধীরা তুলেছেন, তা সর্বেব মিথ্যা। রাজ্য কোনও তথ্যই গোপন করছে না। সমস্ত তথ্যই সংবাদমাধ্যমকে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।
গতবছর প্রায় ২০ হাজার জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিল। এবার সেই তুলনায় অনেক কম লোক ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আর কেউই ডেঙ্গি টাইপ ৫-এ আক্রান্ত নন। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের অধিকাংশই ডেঙ্গি টাইপ ২ ও ৪-এ আক্রান্ত। সেইসঙ্গে রাজ্যের পক্ষে যুক্তি, এখন ভাইরাল ফিভারে আক্রান্ত হচ্ছেন অনেকেই। সেই সংখ্যাও ডেঙ্গিতে আক্রান্তদের সংখ্যার সঙ্গে মিলিয়ে দিয়ে অপপ্রচার চলছে।
উল্লেখ্য, সোমবার সল্টলেকে স্বাস্থ্যভবন অভিযানে নেমে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্য সরকার ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ। ডেঙ্গিতে অনেক বেশি মৃত্যু হয়েছে। সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। চিকিৎসকরা ভয় পাচ্ছেন মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি লিখতে। সেইসঙ্গে বিজেপির মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, বিষমদে মারা গেলে ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার, ডেঙ্গিতে মৃত্যুর বেলায় কেন নিশ্চুপ মুখ্যমন্ত্রী?












Click it and Unblock the Notifications