বিজেপিতে বড়সড় ধস কি ছত্রধর-ফ্যাক্টরেই! তৃণমূলে যোগ দিলেন যেসব 'হেভিওয়েট'
লোকসভা নির্বাচনের পর থেকেই উলট পুরান শুরু হয়েছে। জঙ্গলমহলের জেলাগুলিতে বিজেপির আধিপত্য খর্ব করে হারানো শক্তি ফিরে পাচ্ছে তৃণমূল। সম্প্রতি বিজেপিতে ভাঙন প্রবণতা আরও বেড়েছে।
লোকসভা নির্বাচনের পর থেকেই উলট পুরান শুরু হয়েছে। জঙ্গলমহলের জেলাগুলিতে বিজেপির আধিপত্য খর্ব করে হারানো শক্তি ফিরে পাচ্ছে তৃণমূল। সম্প্রতি বিজেপিতে ভাঙন প্রবণতা আরও বেড়েছে। তার নেপথ্যে কি জঙ্গলমহলের জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোর মুক্তি? এই জল্পনার মাঝেই ফের বিজেপিতে ভাঙন ধরে গেল।

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে
পুরভোটের প্রাক্কালে জঙ্গলমহলে দলবদলের হিড়িকে পড়েছে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন দলত্যাগীরা। আবার বিজেপির আদি নেতারাও যোগ দিচ্ছেন তৃণমূলে। এমনকী বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা-নেত্রীদের মধ্যেও তৃণমূলে ফেরার প্রবণতা লক্ষ্য করা গেল এবার।

বিজেপি ছাড়লেন প্রাক্তন সভাপতি
পুরুলিয়া বিজেপি ধস নামিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাতো। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হয়েছিলেন বিজেপির জেলা সভাপতি। সেই তিনি ফের ফিরে এলেন পুরনো দলেই। তাঁর কামব্যাকে তৃণমূল যেমন উচ্ছ্বসিত, তেমনই বিজেপিও মুষড়ে পড়েছে পুরভোটের আগে।

তিনবারের বিধায়ক তৃণমূলে
শুধু বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাতোই নন, তৃণমূলে যোগ দিয়েছেন তিনবারের বিধায়ক বিন্দেশ্বর মাহাতোও। তিনি বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিন্দেশ্বর মাহাতোর যোগাদানে তৃণমূলের শক্তি আরও বাড়ল জঙ্গলমহলে।

আরও যাঁদের গেরুয়া শিবির ত্যাগ
বিকাশ মাহাতো বা বিন্দেশ্বর মাহাতোই নন, গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়া নগেন্দ্র ওঝা, বিজেপির প্রাক্তন যুব মোর্চা ও তফশিলি মোর্চার জেলা সভাপতি পরেশ রজক, লোকসভা ভোটে শিবসেনা প্রার্থী রাজীব মাহাতো, বিশ্ব হিন্দু পরিষদের জয়পুরের সম্পাদক টিঙ্কু সিংও এদিন গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন।

তৃণমূলে ভিড় বাড়ছে মাহাতোদের
এই মাহাতো সম্প্রদায়ের নেতাদের মধ্যে বিজেপি বা গেরুয়া শিবির ছাড়ার হিড়িক পড়াকে ছত্রধর মাহাতোর ফেরার প্রভাব বলে জল্পনা চলছে একাংশে। ছত্রধর মাহাতোর জঙ্গলমহলে ফেরা আর তৃণমূলের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ায় মাহাতো ভোটব্যাঙ্ক ফের তৃণমূলের দিকে ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। সম্র্বতি কুর্মি ভোট ফেরাতেও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল জেলা সভাপতির ভাষ্য
জেলা সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের হাত শক্ত করা দরকার বলে মনে করেন ওঁরা। তাই ওঁরা যোগাযোগ করেছিলেন তৃণমূলের সঙ্গে। তৃণমূল ওঁদের সাদরে গ্রহণ করেছেন। আগামী দিনে আরও অনেকে বিজেপি ছেড়ে আসবে তৃণমূলে। সেই ক্ষেত্র তৈরিই রয়েছে। এই জেলায় বিজেপির সংগঠন বলে আর কিছুই থাকবে না।

বিজেপিতে যোগ দিয়ে সম্মান পাইনি
পুরনো দলে ফিরে বিকাশ মাহাতো বলেন, দীর্ঘদিন ধরে এই দলটা করে এসেছি। কিছু সমস্যা তৈরি হওয়াতে দল ছেড়েছিলাম। বিজেপিতে যোগ দিয়ে সম্মানের সঙ্গে কাজ করতে পারিনি। তাই তৃণমূলেই ফিরে এলাম। কারণ এটাকে এখন নিজের দল বলেই মনে করি। তাই নিজের পুরনো সঙ্গীদের পাশে পেয়ে বেশ স্বস্তি বোধ করছি।












Click it and Unblock the Notifications