মমতার কাননের হাতে উঠছে পদ্মফুল! কলকাতা পুরসভা ভোটের আগে ধাক্কা ঘাসফুল শিবিরে
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বুধবারই যোগ দিচ্ছেন বিজেপিতে। বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লিতে সদর দফতরে গিয়ে তিনি পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন।
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বুধবারই যোগ দিচ্ছেন বিজেপিতে। বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লিতে সদর দফতরে গিয়ে তিনি পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন। বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেবেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

বিজেপির অফিসিয়ালি না বিবৃতি দিলেও বিশেষ সূত্রে এই সম্ভাবনার কথা জানা গিয়েছে। আর এদিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ইঙ্গিত দিয়েছেন তাঁদের যোগদান নিয়ে। তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যোগদান প্রসঙ্গে আমিও শুনেছি। তাঁরা যদি যোগদান করেন, তবে তাঁদের স্বাগত।
বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর বিরাটির বাড়িতে রিভিউ মিটিং-এর মাঝেই এক প্রশ্নের উত্তরে এই কথা জানান। তাঁর কথায়, শোভনবাবুর মতো অভিজ্ঞ নেতা যদি দলে আসেন, তাতে লাভই হবে বিজেপির। একইসঙ্গে তিনি বলেন, বিজেপিতে যোগদান করতে চেয়ে অনেক নেতাই যোগাযোগ করছেন। তাঁদের পুলিশ কেসের ভয় দেখিয়ে আটকে রাখা হয়েছে।
মঙ্গলবার থেকে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে, বুধবারই শোভন-বৈশাখী যোগ দিচ্ছেন বিজেপিতে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাতের বিমানেই দিল্লিও রওনা হয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, শোভনের ব্যাপারে ক্লিনচিট দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি এদিনই জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন। একইসঙ্গে বৈশাখীকে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আরও এক তৃণমূল বিধায়ক যোগ দিতে পারেন এদিন।
মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায় ফিশারি স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করার পর থেকেই জল্পনার পারদ চড়ছিল। অবশেষে সেই জল্পনাকে সত্যি করে শোভন বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে রাজনৈতিক মহলের একাংশ নিশ্চিত। সঙ্গে বৈশাখীও যাচ্ছেন বিজেপিতে। এর ফলে কলকাতা পুরসভা ভোটের আগে বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল।












Click it and Unblock the Notifications