মুকুল রায়কে নিয়ে আগ্রহ হারাচ্ছেন দিলীপ-রাহুলরা! হঠাৎই বেসুরো বিজেপি
মুকুল বিদায়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে বিনাশের সূত্রপাত হয়েছে। আমরা মুকুল রায়ের কাছ থেকে কোনও প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে আমরা অবশ্যই বিবেচনা করব। এখন সবই জল্পনা।
মুকুল রায়কে নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। সারদা-নারদে বিপাকে পড়া থেকেই তাঁর বিজেপি-যোগের প্রচার শুরু হয়। কিন্তু দল ছাড়ার কথা ঘোষণা করলেও এখন তাঁর বিজেপিতে যোগদান ধোঁয়াশাপূর্ণই। এরই মধ্যে বিজেপি সম্পাদক রাহুল সিনহা পরিষ্কার বলে দিলেন, মুকুল রায়ের বিজেপি-যোগের সম্ভাবনা অবান্তর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মুকুল রায়কে নিয়ে বেসুরো বাজছেন এখন।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, বিজেপি ১৮টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। অতএব বিজেপির দরকার নেই মুকুল রায়কে। এই মুহূর্তে মুকুল রায়েরই দরকার বিজেপিকে। কিন্তু আমরা মুকুল রায়ের কাছ থেকে কোনও প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে আমরা অবশ্যই তা বিবেচনা করব। এদিন রাহুল সিনহার মুখেও একই কথা শোনা গিয়েছে। সেইসঙ্গে তিনি এমনও মন্তব্য করেছেন, মুকুল বিদায়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে বিনাশের সূত্রপাত হয়েছে।
রবিবার মুর্শিদাবাদের লালবাগের একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাহুল সিনহা। সেখানেই ওঠে মুকুল প্রসঙ্গ। রাহুল সাফ জানিয়ে দেন, সবটাই জল্পনা। এখন পর্যন্ত কোনও ভিত্তি নেই সেই জল্পনার। তবে মুকুল রায়ের প্রস্তাব এলে আমরা ভেবে দেখব অবশ্যই। মুকুল রায় তৃণমূলেই থাকবেন, নাকি আমাদের দলে আসবেন, কিংবা কোনও দলেই তিনি যাবেন না, তা ঠিক করতে হবে তাঁকেই।

দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে জাহির করেছেন, বিজেপি অনেক বড় দল। তাই মুকুল রায়কে প্রস্তাব পাঠাতে হবে। তারপর বিবেচনা। হঠাৎই তাঁর গলায় অন্য সুর। মুকুল রায় তৃণমূলের বড় নেতা। তিনিও দাবি করতে পারেন, বিজেপি বাংলায় এখনও লিলিপুট। ১৮টি রাজ্যে ক্ষমতায় থাকতে পারে। কিন্তু বাংলায় এখনও একটা পঞ্চায়েত দখল করার ক্ষমতা নেই। তাই বাংলায় দলের সংগঠন বাড়াতে তিনি চাইতেই পারেন বিজেপি তাঁকে ডাকুক। আর যাই হোক রাজ্য বিজেপি হঠাৎই অন্য সুরে বাজতে শুরু করেছে মুকুল প্রসঙ্গে।












Click it and Unblock the Notifications