বিজেপি চুরি আটকেছে, একশো দিনের কাজে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর
একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে রাজ্যে। ভুয়ো জব কার্ড বানিয়ে টাকা তুলেছে তৃণমূল কংগ্রেস। ফের এই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দিল্লিতে ধরনা দিয়েছে। সেই দিনেই শুভেন্দু সিবিআই তদন্তের দাবি করলেন।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাকে বঞ্চিত করছে। একশো দিনের কাজের টাকা বাংলাকে দিচ্ছে না কেন্দ্র। শুধু তাই নয়, আবাস যোজনার টাকাও আটকে রেখেছে দিল্লি৷ সেই দাবি আদায়ের জন্য দিল্লির মাটিতে সোচ্চার তৃণমূল। ধরনা কর্মসূচিও গ্রহণ করেছিল তৃণমূল। যদিও রাজঘাটের সেই ধরনা তুলে দিয়েছে দিল্লির পুলিশ।

এদিনই একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী। রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে সোমবার বিধানসভায় যান তিনি। বিধানসভায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর শুরু হয় বিক্ষোভ। বিধানসভার বাইরের সিঁড়িতে বিজেপি বিধায়করা বসে বিক্ষোভ দেখাতে থাকেন। বিধায়কদের হাতে ছিল প্ল্যাকার্ড৷
রাজ্যে একশো দিনের টাকা চুরি হয়েছে। ১ কোটি ৩০ লক্ষ ভুয়ো জব কার্ড বানিয়েছিল তৃণমূল। সেই কার্ডে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বছর বছর তৃণমূলের পকেটে গিয়েছে। বিপুল পরিমাণ টাকা রাজ্যের শাসক দল চুরি করেছে। এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
বাম ও কংগ্রেসের বিরোধী দলের সঙ্গে তৃণমূলের সমঝোতা ছিল। কিন্তু বিজেপির সঙ্গে সেটিং করতে পারেনি রাজ্যের শাসক দল। বিজেপি রাজ্যে টাকা আটকায়নি। বরং রাজ্যে চুরি আটকেছে। সোমবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সেই কথাই জোর গলায় দাবি করেন শুভেন্দু।
শেষ ১০ বছরে কেন্দ্রীয় প্রকল্পের প্রতি জন পিছু ১০ হাজার টাকাও যদি খরচ করা হয়, তাহলে সেই ১৩ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ১ কোটি ৩০ লক্ষ কার্ডে মোট ১৩ হাজার কোটি টাকা চুরি হয়েছে রাজ্যে। এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এদিন ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications