কেন্দ্রের কাছে পাওনা ১৩ হাজার কোটি! মমতার বঞ্চনার অভিযোগের কী জবাব দিল বিজেপি
এখনও উন্নয়ন খাতে ১৩ হাজার কোটি টাকারও বেশি পাওনা রয়েছে বিজেপি সরকারের কাছ থেকে। বছর শেষ হয়ে গেলেও বকেয়া সেই টাকা মেটায়নি কেন্দ্র। মুখ্যমন্ত্রীর এই দাবি তথ্য দিয়ে উড়িয়ে দিলেন বাবুল সুপ্রিয়।
ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে বর্ষ শেষের মূল্যায়ন বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি তোপ দাগেন কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এখনও উন্নয়ন খাতে ১৩ হাজার কোটি টাকারও বেশি পাওনা রয়েছে বিজেপি সরকারের কাছ থেকে। বছর শেষ হয়ে গেলেও বকেয়া সেই টাকা মেটায়নি কেন্দ্র। মুখ্যমন্ত্রীর এই দাবি তথ্য দিয়ে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

এদিন কোন খাতে কত টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে, তা প্রকল্প ধরে ধরে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হিসেব দেন, নারেগা, এনডিআরএফ, স্বচ্ছ ভারত মিশন, পানীয় জল প্রকল্প, হাউজিং-সহ বিভিন্ন খাতে মোট ১৩ হাজার ৭৩২ কোটি টাকা পাওনা রয়েছে। তার মধ্যে তিনি উল্লেখ করেন, নারেগা অর্থাৎ একশো দিনের কাজেই বকেয়া ১৪৭০ কোটি টাকা। আর স্বচ্ছ ভারত মিশনে বকেয়া ৭০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে তিনি রাজ্যে উন্নয়নের ধারা জারি রাখতে বিভিন্ন প্রকল্পের উদ্বৃত্ত দিয়েই নতুন প্রকল্পের কাজ চালাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা এই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, 'এখনও পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পে যে টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। তাহলে পরবর্তী খাতে টাকা দা্বি করে কী করে। ইউটিলাইজেশন সার্টিফিকেট পেশ করলেই কেন্দ্রীয় সরকার বকেয়া মিটেয় দেবে। কিন্তু প্রশ্ন, রাজ্য সরকার কেন ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে পারছে না। আসলে কেন্দ্রের টাকা সঠিক খাতে খরচই করতে পারেনি বলে অভিযোগ করেন বাবুল।'
বাবুলের সুরে সুর মিলিয়েই বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'রাজ্যের তৃণমূল সরকার কোনও হিসেবই দেয়নি। এই সরকার কেন্দ্রের টাকা লুঠ করেছে। এখন টাকা লুঠ করে বকেয়া বকেয়া বলে চিৎকার করছে। কিন্তু টাকার হিসেব না দিলে কেন টাকা দেবে কেন্দ্র? এই সহজ সত্য বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী।'












Click it and Unblock the Notifications