তৃণমূল কংগ্রেসকে ‘নকল’ করে পুরসভা ভোটের ইশতেহার! ফের এক মাস্টারস্ট্রোক দিল বিজেপি
২০২১ বিধানসভা নির্বাচনের আগে ২০২০-র পুরভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি। আর এই পুরভোটে সাফল্য আনতে এবার অভিনব এক উপায় বের করল তারা।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে ২০২০-র পুরভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি। আর এই পুরভোটে সাফল্য আনতে এবার অভিনব এক উপায় বের করল তারা। গেরুয়া শিবির এবার ইশতেহার তৈরির জন্য সরাসরি মানুষকে যুক্ত করতে চাইছে। সম্প্রতি দলের সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষের কথাই থাকবে তাঁদের ইস্তাহারে।

‘বিজেপিকে বলো' কর্মসূচিতে ইশতেহার
সেজন্য গতানুগতিক পথে না হেঁটে তৃণমূলের স্মরণ নিল বিজেপি। তৃণমূলের ‘দিদিকে বলো'র ধাঁচে এবার শুরু হচ্ছে ‘বিজেপিকে বলো'। এই কর্মসূচিতে বিজেপির তরফে একটি টোল ফ্রি নম্বর তুলে দেওয়া হচ্ছে। সেই নম্বরে ফোন করে মানুষ দাবি জানাতে পারবে, জানাতে পারবে এলাকার সমস্যা।

মানুষের দাবির কথাই বিজেপির ইশতেহারে
তারপর ওই সমস্যার কথা, দাবির কথাই বিজেপির ইশতেহারে লেখা থাকবে। দলীয় কার্যালয়ে বসে আর ইশতেহার নয়, প্রতি পুরসভার জন্য পৃথক ইশতেহার তৈরি হবে এলাকায় মানুষের কথায়। নেতারা ইশতেহার বানিয়ে প্রচারে যাওয়ার প্রচলিত ধারণা থেকে সরে আসছে বিজেপি। তাঁরা চাইছে মানুষের কথা ইস্তাহারে তুলে ধরে তৃণমূলকে কোণঠাসা করে দিতে।

মানুষ কী চাইছে বুঝে নিয়েই ইশতেহার
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতেই তারা ‘বিজেপিকে বলো' কর্মসূচি নিয়েছে। মানুষ কী চাইছে বুঝে নিয়েই বিজেপি আলাদা আলাদা ইশতেহার বানাতে চাইছে। সেইমতোই নিজেদের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি মনে করছে, মানুষের চাওয়াগুলি তাদের ঘোষণাপত্রে স্থান দিলে চাপে পড়ে যাবে তৃণমূল।

পুরসভাভিত্তিক ইশতেহার, রাজ্যস্তরেও ইশতেহার
এছাড়া পুরসভাভিত্তিক ইশতেহারের পাশাপাশি রাজ্যস্তরেও একটি ইশতেহার হবে। যে সব জায়গায় সংগঠন এখনও নড়বড়ে, সেখানে বুথ কমিটি তৈরি করে ঝাঁপিয়ে পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। কলকাতা পুরসভায় সবথেকে দুর্বল বিজেপির সংগঠন। সেই সংগঠনকে চাঙ্গা করতে চাইছে তারা। উল্লেখ্য, লোকসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভার ৩৩ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি।

বিজেপির সস্তা প্রচারের জবাবে তৃণমূল
তৃণমূলের দাবি, ওরা প্রচার-পরিকল্পনাও করতে পারে না। সেখানেও টুকলি করছে তৃণমূলকে। সে করুক। কিস্যু করতে পারবে না। যতই পুরসভা ভোটে এগিয়ে থাকুক, ওসব কোনও ফ্যাক্টরই হবে না। কারণ তখন ছিল মোদী ফ্যাক্টর, পুলওয়ামা জঙ্গি-হামলা, বালাকোট এয়ারস্ট্রাইকের মতো ইস্যু। আর এখন কিছুই নেই। বিজেপি একটা মুখও সামনে আনতে পারেনি কলকাতা পুরসভায়।












Click it and Unblock the Notifications