বিজেপি এবার ময়দানে নামাচ্ছে সাংসদদের, মহাপরিকল্পনা বাংলার পঞ্চায়েত নির্বাচনে
বিজেপি এবার ময়দানে নামাচ্ছে সাংসদদের, মহাপরিকল্পনা বাংলার পঞ্চায়েত নির্বাচনে
বাংলায় পঞ্চায়েত ভোট নিয়ে মস্তবড় পরিকল্পনা সেরে ফেলল বিজেপি। অমিত শাহের বৈঠকের পর বঙ্গ বিজেপি এবার সাংসদদের ময়দানে নামাচ্ছে। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের সাফ বার্তা, এবার গ্যালারিতে বসে আর 'খেলা' দেখলে হবে না, মাঠে নেমে খেলতে হবে সাংসদেরও।

বিজেপির পঞ্চায়েত ভাবনার মাঝে
সম্প্রতি লোকসভা প্রবাস যোজনায় কেন্দ্রীয় মন্ত্রী-সাংসদদের এনে জনসংযোগ করাচ্ছে বিজেপি। কিন্তু প্রশ্ন উঠে পড়েছে, সামনে পঞ্চায়েত নির্বাচন, সেখানে পঞ্চায়েতের জন্য কোনও ভাবনা-চিন্তা না করে লোকসভা কেন্দ্রওয়াড়ি কর্মসূচি নিচ্ছে? কেন বুথভিত্তিক শক্তিবৃ্দ্ধির কোনও পরিকল্পনা নিচ্ছে না?

পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে বিজেপি
সোমবার দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠক করে বিজেপি। বিজেপির শীর্ষ নেতৃত্ব সাংসদদের তারপর নির্দেশ দিয়েছে ময়দানে নামতে। বাংলায় বিজেপির ১৬ সাংসদ রয়েছে বর্তমানে। তাঁদের পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে কাজে নেমে পড়ার বার্তা দেওয়া হয়েছে।

সাংসদদের বিশেষ বার্তা বিজেপির
বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ এবং দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও মঙ্গল পাণ্ডের তরফ থেকে বিজেপি সাংসদদের বার্তা দেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররাও। তাঁদের সামনেই সাংসদদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

সাংসদদের নামতে হবে নিজের নির্বাচনী এলাকায়
বিজেপির সাংসদদের বার্তা পঞ্চায়েত ভোটের দায়িত্ব বণ্টন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে সাংসদদের নিজের নিজের নির্বাচনী এলাকায় নামতে হবে। দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার বিষযটি তাদের নিশ্চিত করতে হবে।

সম্পর্ক আদায়-কাঁচকলায়, বিভাজন স্পষ্ট
বিজেপির সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে সাংসদদের সম্পর্ক আদায়-কাঁচকলায়। তাঁদের মধ্যে সমন্বয়ের অভাব রয়ে গিয়েছে। তা নিয়ে আগেও একাধিকবার চর্চা হয়েছে। এখন সাংসদদের পঞ্চায়েত ভোটের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ায় দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আদি-নব্য দ্বন্দ্ব অন্যরূপে ফিরতে পারে বঙ্গে
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, সাংসদদের গুরুত্ব দিলে বঙ্গ বিজেপির সংগঠন যাঁদের হাতে তাঁরা ক্ষুব্ধ হতে পারেন। তাঁরা নিজেদের সরিয়ে নিতে পারেন। বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব অন্যরূপে ফিরতে পারে বঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সিদ্ধান্ত বুমেরাং হতে পারে গেরুয়া শিবিরের কাছে।

বঙ্গ বিজেপির নেতৃত্বকে নিয়ে বৈঠক
শুক্রবার অমিত শাহ বাংলায় এসে বঙ্গের সাংগঠনিক নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। তারপর বি এল সন্তোষের উপস্থিতিতে সাংসদদের নিয়ে এবং বঙ্গ বিজেপির নেতৃত্বকে নিয়ে বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। সাংসদদের সামনে থেকে লড়াইয়ের বার্তা দেওয়ার পর বিজেপির উৎসাহ বাড়ে না কি ভাটা পড়ে, তার উপর অনেকাংশে নির্ভর করবে সাফল্য ও ব্যর্থতা।












Click it and Unblock the Notifications