এক বুথ তিন প্রার্থী! নয়া অঙ্কে কিস্তিমাত করতে বিজেপি কঠিন চ্যালেঞ্জ নিল পঞ্চায়েতে
কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ বিজেপির রাজ্য নেতৃত্ব, জেলা পর্যবেক্ষক ও মোর্চা সভাপতিদের সঙ্গে বৈঠক করে নির্দেশ দেন, প্রতি বুথে অন্তত তিনজন করে প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে।
বুথ স্তর থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ বিজেপির রাজ্য নেতৃত্ব, জেলা পর্যবেক্ষক ও মোর্চা সভাপতিদের সঙ্গে বৈঠক করে নির্দেশ দেন, প্রতি বুথে অন্তত তিনজন করে প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে। তাঁদের মধ্যে একজনকে বেছে নেবে রাজ্য নেতৃত্ব।

বিজেপি নেতা শিবপ্রকাশ নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ মার্চের মধ্যে প্রতিটি বুথে তিনজন করে প্রার্থীর নামের তালিকা তৈরি করতে হবে। এই কাজে কোনওভাবেই ঢিলেঢালা মনোভাব দেখানো চলবে না। এই তালিকা অনুযায়ী বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত-যুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবে।
উপনির্বাচন থেকে অক্সিজেন নিয়ে রাজ্য বিজেপি নেতারা এবার এই কঠিন কাজে নেমে পড়েছেন। রাজ্যে পঞ্চায়েতের মোট আসনসংখ্যা ৬৫ হাজারেরও বেশি। প্রতি কেন্দ্রে তিনজন প্রার্থীর নাম বাছাই করতে হলে প্রায় দু-লক্ষাধিক নাম দরকার। মাত্র দু-মাসের মধ্যে এই কাজ সুষ্ঠুভাবে করা খুবই কঠিন। তবে সেই কঠিন কাজের চ্যালেঞ্জ নিতে তৈরি বিজেপি নেতৃত্ব।
উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপনির্বাচনে বিজেপি ভোটঅঙ্ক বাড়িয়েছে নজরকাড়া। সেই ভোটবৃদ্ধি থেকেই অক্সিজেন নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের পঞ্চায়েত ভোটে ঝাঁপাচ্ছে। বেশ কিছু বুথে বিজেপি এগিয়ে থাকার পূর্ণ সুযোগ তুলতে বিজেপি উঠে পড়ে লেগেছে এবার। বিজেপি মনে করছে, এখন থেকে ময়দানে নামলে আরও অনেক বুথে তৃণমূলকে তাঁরা টেক্কা দিতে পারে।
বিজেপি তাই কৌশল নিয়েছে, যে বুথগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে, সেই বুথগুলি যে কোনও মূ্ল্যে ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি। সেইসঙ্গে ভোট বাড়িয়ে পার্শ্ববর্তী বুথেও দখলদারি চালাতে চায় বিজেপি। বিশেষ করে উলুবেড়িয়ার বহু বুথে বিজেপি টেক্কা দিয়েছে তৃণমূলকে। উলুবেড়িয়া পুরসভার এইসব বুথে আরও শক্ত ভিত গড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বুথ সভাপতিদের সংবর্ধনা দিয়ে উৎসাহিত করার পন্থাও অবলম্বন করছে বিজেপি।












Click it and Unblock the Notifications