মুকুলের 'দায়িত্ব' নির্ধারণ দিলীপের উপস্থিতিতেই, দিল্লিতে বৈঠক ডাকলেন জেপি নাড্ডা
মুকুলের কাঁধে কোন গুরু দায়িত্ব, নির্ধারণে দিল্লিতে দিলীপের সঙ্গে বৈঠক নাড্ডার
একুশের বিধানসবার লক্ষ্যে টিম তৈরি হয়ে গিয়েছে, এবার কৌশল নির্ধারণে বৈঠকে বসতে চলেছে বিজেপি। আগামী ১ অক্টোবর দিল্লিতে বৈঠক বসবে। সেই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই মুকুল রায়ের দায়িত্ব নির্ধারণ হবে। দলের সর্বভারতীয় সহ সভাপতি কোন গুরুদায়িত্ব পড়বে তাঁর কাঁধে তা নিয়েই চর্চা চলছে।

মুকুল রায় কোন রাজ্যের দায়িত্বে
বিজেপির সমস্ত সহসভাপতি ও সম্পাদকেরা কোনও না কোনও রাজ্যের দায়িত্বে থাকেন। সেইমতো মুকুল রায়ের উপরও এবার কোনও রাজ্যের দায়িত্ব বর্তাবে। দিল্লিতে বৈঠকে ঠিক হবে মুকুল রায় কোন রাজ্যের দায়িত্ব পেতে চলেছেন। জেপি নাড্ডাই সেই দায়িত্ব বণ্টন করে দেবেন।

দিলীপ ঘোষের উপস্থিতিতে দায়িত্ববণ্টন
রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, মুকুল রায়কে বাংলার দায়িত্বই দেওয়া হবে। বাংলাকে পাখির চোখ করেই তাঁকে সর্বভারতীয় সহসভাপতির আসন দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বে বুঝিয়ে দেবে মুকুল রায়কে কোন কোন কাজে ব্যবহার করতে চাইছে বিজেপি।

বাংলায় আর নেতৃত্বের সংঘাত চায় না বিজেপি
বিজেপি চাইছে, বঙ্গ-বিজয় তাঁদের প্রধান লক্ষ্য, কোনওমতেই যেন বাংলায় আর নেতৃত্বের সংঘাত তৈরি না হয়। তাই মুকুল রায় ও দিলীপ ঘোষকে মুখোমুখি বসিয়েই সবকিছু স্পষ্ট করে দিতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একুশে নির্বাচনের আগে আর কোনও দ্বন্দ্ব তৈরি হোক চায় না বিজেপি।

২০২১-এ বাংলায় ভোটের লক্ষ্যেই মুকুল
বিজেপি সম্প্রতি মুকুল রায়কে গুরুত্বের আসনে বসানো ছাড়াও মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদকের পদ দিয়েছে, উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে জাতীয় মুখপাত্র হিসেবে রেখেছে রাজু সিং বিস্তকে। জল্পনা চলছে, বাংলা থেকে দুই সাংসদকে মন্ত্রী করতে পারে বিজেপি। স্বভাবতই মনে হয়, এসব হচ্ছে ২০২১-এ বাংলায় ভোটের লক্ষ্যেই।












Click it and Unblock the Notifications