প্রাক্তন ‘তৃণমূলী’ রবীন্দ্রনাথকে প্রার্থী চায় না বিজেপি, তালিকা প্রকাশে বিক্ষোভের ঝড় সিঙ্গুরে
প্রাক্তন ‘তৃণমূলী’ রবীন্দ্রনাথকে প্রার্থী চায় না বিজেপি, তালিকা প্রকাশে বিক্ষোভের ঝড় সিঙ্গুরে
বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় চমকের পর চমক। সদ্য তৃণমূলত্যাগী নেতা থেকে শুরু করে তারকা প্রার্থীর ভিড় রয়েছে তালিকা। এমনকী প্রার্থী করা হয়েছে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীদেরও। তা নিয়ে চর্চার মধ্যেই তৃণমূল ছেড়ে আসা ৯০ ছুঁই ছুঁই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে বিজেপির অন্দরে।

নির্দলকে সমর্থন, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে মানব না
সিঙ্গুরে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতাকর্মীরা জানিয়ে দিয়েছেন, আমরা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে মানি না। দুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা নিয়েই তিনি প্রার্থী হয়ে যাবেন, এতদিন যাঁরা প্রাণপাত করল পার্টির জন্য তাঁদের কি কোনও মর্যাদা নেই। আমরা নির্দল প্রার্থীকে সমর্থন করব তো রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে মানব না।

রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূলের দালাল বলে ব্যাখ্যা
বিজেপির নেতা-কর্মীরা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূলের দালাল বলে ব্যাখ্যা করতেও ছাড়েননি। রবিবার সিঙ্গুর থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরই বিক্ষোভ দানা বাঁধে। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের বিজেপি নেতাকর্মীদে্র জেল খাটিয়েছেন, আর আমরা তাঁকে বিজেপির প্রার্থী মানব না।

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করার পর অসন্তোষ
এদিন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করার পর অসন্তোষ সামনে চলে আসে। বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। বিজেপির আদি নেতারা গর্জে ওঠে নব্যদের প্রার্থী করার বিরুদ্ধে। উল্লেখ্য, রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ জন প্রার্থী নাম ঘোষণা করা হয় দিল্লি থেকে। তারপরই সিঙ্গুরে শুরু হয় বিক্ষোভ।

প্রার্থী হতে চান না রন্তিদেব, রবীন্দ্রনাথকে মানছে না বিজেপি
এদিকে হাওড়া দক্ষিণের প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত জানিয়ে দেন, তিনি এবার ভোটে লড়তে চান না। একেবারেই ব্যক্তিগত কারণে তিনি প্রার্থী হিসেবে এবার ভোটে লড়তে গররাজি। এবার মাত্র ৬৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাও অস্বস্তি বেড়েছে বহু ক্ষেত্রে প্রার্থী মনোনয়ন নিয়ে। ঘোষণার পরই প্রার্থী হতে অস্বীকার করেছেন রন্তিদেব। আর রবীন্দ্রনাথকে প্রার্থী মানছে না বিজেপি।












Click it and Unblock the Notifications