বিজেপি কোমর বাঁধছে ২১-এর লক্ষ্যে! নেতৃত্বে ভরসা রেখে নতুন টিমে সম্ভাবনা যাঁদের
পাখির চোখ ২০২১। তৃণমূলের মতো বিজেপিও এখন থেকেই কোমর বাঁধতে শুরু করেছে। লোকসভায় নির্বাচনে আশাতীত সাফল্য লাভের পর ২০২১-এর বিধানসভায় তৃণমূলকে গদিচ্যুত করতে নতুন টিম তৈরি করছে বিজেপি।
পাখির চোখ ২০২১। তৃণমূলের মতো বিজেপিও এখন থেকেই কোমর বাঁধতে শুরু করেছে। লোকসভায় নির্বাচনে আশাতীত সাফল্য লাভের পর ২০২১-এর বিধানসভায় তৃণমূলকে গদিচ্যুত করতে নতুন টিম তৈরি করছে বিজেপি। রাজ্যে লড়াইয়ে নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষই। তবে তাঁর নেতৃত্বে টিমে আসতে চলেছে পরিবর্তন।

নতুন টিম, বেশি পরিবর্তন নয়
লোকসভা নির্বাচনের পর আমূল বদলে গিয়েছে পরিস্থিতি। বর্তমানে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে বিজেপি। একটা নির্বাচন পিছিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সেখানে থেকে ফিরে আসার লড়াই চালাচ্ছে তৃণমূল। বসে নেই বিজেপিও। বিজেপি রাজ্য দখল করতে এবার নতুন টিম করলেও খুব বেশি পরিবর্তন চায় না।

দিলীপের নেতৃত্বেই লড়াই
বিজেপির রাজ্য সভাপতি থাকছেন দিলীপ ঘোষই। ২০২১-এ দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে বিজেপি লড়াই করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। কারণ ২০১৮-র ডিসেম্বরে দিলীপের প্রথম দফায় তিন বছর সভাপতির মেয়াদ শেষ হয়েছে। লোকসভার আগে পরিবর্তন না করে এক বছর বর্ধিত করা হয়েছিল দিলীপ ঘোষের সভাপতিত্বের মেয়াদ।

টানা ছ-বছর সভাপতিত্বে
বিজেপির অন্দরে ভাবনা, তাঁকেই আরও দু-বছর সভাপতি রেখে দেওয়ার। তাহলে আর তিন বছরের মেয়াদ শেষ হবে ২০২১। অর্থাৎ ২০২১-এ তিনিই থাকছেন কাণ্ডারি। বিধানসভা নির্বাচন বিজেপি লড়বে তাঁকে সামনে রেখেই। আর একইসঙ্গে দু-বার তিন বছর করে মোট ছ-বছর সভাপতি থাকবেন দিলীপ। একজন টানা ছ-বছর সভাপতি থাকতে পারেন বিজেপিতে।

১৯-এর নেতৃত্বে ভরসা ২১-এ
২০১৯-এর সাফল্যের কথা মাথায় রেখে ২০২১-এ বেশি পরিবর্তন না করে মাথা একই রাখতে চাইছে বিজেপি। দিলীপ ঘোষ নেতৃত্বে, মুকুল চালাবেন তাঁর চাণক্য নীতি। তিনি ভোট কৌশলী হিসেবে প্রধান থাকবেন। তবে তাঁদের অধীনে যাঁরা কাজ করবেন সেই টিমে বেশ কিছু পরিবর্তন হতে পারে।

মহিলা মোর্চার নেতৃত্বে বদল সম্ভাবনা
বিশেষ সূত্রের খবর, তিনজন সাধারণ সম্পাদক পরিবর্তন হতে পারেন। নতুন মুখকে এবার তাঁদের জায়গায় আনতে চলেছে বিজেপি। সাংসদ হয়েছেন বাঁকুড়ার সুভাষ সরকার। তিনি সহ সভাপতি পদে নাও থাকতে পারেন। মহিলা মোর্চার সভানেত্রী পদেও বদল আসতে পারে। সাংসদ নির্বাচিত হওয়ায় লকেট চট্টোপাধ্যায় ওই পদে নাও থাকতে পারেন।

মহিলা মোর্চার নেতৃত্বে ভারতীর সম্ভাবনা
মহিলা মোর্চার নয়া সভনেত্রী হতে পারেন ভারতী ঘোষ। মমতা শিবির ছেড়ে বিজেপিতে নাম লেখানো ভারতীকে এবার গুরুত্বপূর্ণ এই পদ দিতে পারে বিজেপি। ঘাটাল থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল লোকসভা নির্বাচনে। তৃণমূল প্রার্থী দেবের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তবে বিজেপি তাঁকে গুরুত্ব দিয়েই দলের কাজে ব্যবহার করতে চাইছে। দেবশ্রী চৌধুরীও সাধারণ সম্পাদক পদে নাও থাকতে পারেন।

বদল আসতে পারে যুব মোর্চার নেতৃত্বেও
এদিকে শুধু মহিলা মোর্চার সভানেত্রী পদেই নয়, যুব মোর্চার সভাপতি পদেও পরিবর্তন আনা হতে পারে। যুব মোর্চার নতুন সভাপতি হতে পারেন সপ্তর্ষি চৌধুরী। দেবজিৎ সরকারের জায়গায় তিনি আসতে পারেন। বিজেপি এখন এই নয়া টিম তৈরি নিয়ে পরিকল্পনা চালাচ্ছে। চিন্তন শিবিরের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications