রাজনীতির চেয়ে ঘরোয়া কোন্দলে বেশি মেতে রয়েছেন শোভন, ফের আক্রমণ জয়প্রকাশের
দীর্ঘ আট মাস তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। সেজন্যই বিজেপির ডাকে সাড়া দিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
দীর্ঘ আট মাস তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। সেজন্যই বিজেপির ডাকে সাড়া দিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে দলে যোগ দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত একবারও রাজনীতির কথা বলতে শোনা যায়নি শোভনকে। বরং তিনি ঘরোয়া ব্যাপারে বেশি মেতে রয়েছেন। এমন বলেই বিজেপিতে আসা শোভন চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষে ভরিয়ে দিলেন দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

তিনি বলেছেন, দলীয় কাজ না করে ঘরে সীমাবদ্ধ থাকছেন শোভন চট্টোপাধ্যায়। জয়প্রকাশের অভিযোগ, বিজেপিতে যোগদানের দিন শপথ নিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে তিনি ভূমিকা নেবেন। অর্থাৎ বিজেপির হয়ে রাজনীতির মঞ্চ কাঁপানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে প্রায় মাসখানেক হতে চলল। এখনও একবারও একটিও রাজনৈতিক বক্তব্য মুখ ফুটে বলতে শোনা যায়নি শোভনকে। বরং তিনি সেই দেবশ্রী রায়কে নিয়েই মেতে রয়েছেন।
জয়প্রকাশের কথায়, যার সঙ্গে একসময় তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে এখন তিনি কোনওভাবেই চাইছেন না দেবশ্রী দলে আসুক। আর এই পুরো বিষয়টাকে নিয়ে তিনি বারবার কথা বলছেন। অথচ একজন সুদক্ষ রাজনীতিবিদ হিসেবে তাঁর রাজনৈতিক বক্তব্য পেশ করা উচিত। তা না করে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক কার্যক্রমে অংশ না নিয়ে শুধুমাত্র পারিবারিক কাজিয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায় কথা বলে চলেছেন বলে অভিযোগ জয়প্রকাশ মজুমদারের।
প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জয়প্রকাশ মজুমদার ও শোভন চট্টোপাধ্যায়ের মধ্যে দেবশ্রী রায়কে নিয়ে কথা কাটাকাটি চলছে। এর আগে দুজনে বেশ কয়েকবার একে অপরের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছেন। শোভন সরাসরি অভিযোগ করেছেন, জয়প্রকাশ দেবশ্রীকে দলে নিতে চাইছেন। ফের একবার জয়প্রকাশ শোভনের বিরুদ্ধে মুখ খোলায় পরিস্থিতি কোনদিকে গড়ায় এখন সেদিকেই নজর সকলের।












Click it and Unblock the Notifications