ফের উত্তপ্ত বীরভূম, এবার ওসি সহ ৮ পুলিশকর্মীকে মারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এক বিজেপি কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে পথ অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম জেলার নানুর।
এক বিজেপি কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে পথ অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম জেলার নানুর। পথ অবরোধ তুলতে গেলে পুলিশের ওপর বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ।

বিজেপির হামলায় আহত হয়েছেন অন্তত সাত জন পুলিশ কর্মী। মাথা ফেটেছে নানুর থানার ওসি মনোজ সিংয়ের। এলাকায় ব্যাপক বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ।
পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের লোকেরা এলাকায় ঢুকে বোমাবাজি করে ও অশান্তি সৃষ্টি করেছে। যদিও এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা কাজল শেখ উড়িয়ে দিয়েছেন।
বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, নানুর থানার বন্দর এলাকায় যে গন্ডগোল হয় তাতে ওসি সহ অন্তত সাত জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মঙ্গলবার রাতে নানুর থানার বন্দর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। বিজেপির দাবি, বিনা কারণে তাদের লোককে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে ও ওই ব্যক্তিকে ছাড়ার দাবিতে পথ অবরোধ শুরু করে বিজেপি।
অভিযোগ, সেই অবরোধ তুলতে গেলে পুলিশের ওপর চড়াও হয় বিজেপির লোকজন। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির লোকজন পুলিশের ওপর চড়াও হয় এবং লাঠি, বাঁশ ইত্যাদি নিয়ে মারতে শুরু করে। সেই সময় আহত হয়েছেন ওসি সহ পুলিশ কর্মীরা।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দেন এলাকার প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। আর আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন কাজল। তার পর থেকে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে নানুরে।












Click it and Unblock the Notifications