অভব্যতা বরদাস্ত নয়, বিজেপি সাংসদের ‘অভ্যাস বর্গ’-এ পাঠ দেবেন মোদী-শাহরা
বিপুল জয় পেয়েছে বিজেপি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বহু নতুন সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁদের লোকসভা তথা সংসদীয় পাঠ দিতে বিজেপি দুদিনের প্রশিক্ষণের ব্যবস্থা করল।
বিপুল জয় পেয়েছে বিজেপি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বহু নতুন সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁদের লোকসভা তথা সংসদীয় পাঠ দিতে বিজেপি দুদিনের প্রশিক্ষণের ব্যবস্থা করল। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখাতে বিজেপির তরফে ২ ও ৩ অগাস্ট 'অভ্যাস বর্গ' কর্মসূচি নিয়েছে। এই শিবির থেকেই নবনির্বাচিত সাংসদের ক্লাস নেবেন মোদী-শাহরা।

সাংসদের আচরণ নিয়ে প্রশ্ন
সম্প্রতি বিজেপিতে কয়েকজন সাংসদের আচরণ নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। নির্বাচিত হয়েই অশালীন আচরণ করে ফেলেছেন আকাশ বিজয়বর্গীয় ও কুলদীপ সিংয়ের মতো কয়েকজন। আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছেন আর কুলদীপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। দুজনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিয়েছে বিজেপি।

‘অভ্যাস বর্গ’-এ নিয়ম-শৃঙ্খলা
এবার ‘অভ্যাস বর্গ' কর্মসূচিতে বিজেপি সাংসদদের আচরণের পাঠ দেওয়া হবে। শেখানো হবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। তারই তোড়জোড় শুরু হয়েছে। এই শিবিরে সমস্ত সাংসদদের আসা জরুরি। বাংলার নবনির্বাচিত সাংসদদের জন্যও আলাদা ক্লাস নেবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহরা।

পাঁচ বছর কীভাবে কাজ
এছাড়া নবনির্বাচিত সাংসদদের ট্রেনিং দিয়ে আগামী পাঁচ বছরের কাজ বুঝিয়ে দেওয়া হবে এই শিবির থেকে। সংসদের অধিবেশনের পাশাপাশি সংসদীয় এলাকায় কীভাবে জনসংযোগ করতে হবে, কীভাবে মানুষের পাশে থাকতে হবে, তা বুঝিয়ে দেবেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডারা।

সংসদ তহবিলে উন্নয়ন
এখানেই শেষ নয়, সাংসদ তহবিলের টাকা সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে কাজে লাগানোর জন্যও প্রয়োজনীয় পরামর্শ দেবেন মোদী। অবশ্য একা মোদী নন, উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডাও। এছাড়াও সিনিয়র সাংসদরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করবেন।












Click it and Unblock the Notifications