Nabanna Chalo: হকি স্টিক হাতে মারমুখী পুলিশ! মমতা-সরকারকে নিশানা বিজেপির, হাসপাতালে আহতদের দেখে এলেন সুকান্ত
Nabanna Chalo: আরজি কর কাণ্ডে ন্যায়বিচার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন চলো কর্মসূচি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অরাজনৈতিক কর্মসূচি ঘিরে অগ্নিগর্ভ হলো কলকাতা ও হাওড়া।
এরই মধ্যে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়াল একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা)। যাতে দেখা যাচ্ছে, হকি স্টিকধারী পুলিশকে।

বিজেপির মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, কলকাতা পুলিশ হকি স্টিক দিয়ে আন্দোলনরত ছাত্রদের পিটিয়েছে। আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন ছাত্ররা। সেই প্রতিবাদ দমনে ভয়ঙ্কর ভিডিও সামনে এলো কলকাতা মেট্রো স্টেশনে।
মালব্য প্রশ্ন তুলেছেন, কবে থেকে প্রফেশনাল পুলিশ ফোর্স হকি স্টিক ব্যবহার শুরু করল? পুলিশের স্ট্যান্ডার্ড অপারেটিং ম্যানুয়েলে কি এর উল্লেখ আছে? নাকি এই কাণ্ড পুলিশের পোশাক পরা দুষ্কৃতীদের? এই ধরনের ঘটনা কলকাতা পুলিশের অবস্থানকে অসমর্থনযোগ্য করে তুলছে।
Kolkata Police using hockey sticks to beat up students, who were part of the protest, seeking justice for the RG Kar rape and murder victim. This horrifying video is from Kolkata metro.
— Amit Malviya (@amitmalviya) August 27, 2024
When did professional police force start using hockey sticks? Is it part of police standard… pic.twitter.com/G5eUzUQ5N7
অমিত মালব্য আরও লিখেছেন, কীভাবে দিনভর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশবাহিনীকে ব্যবহার করেছেন তা সকলেই দেখেছেন। রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পদক্ষেপ করা জরুরি বলেও উপলব্ধি মালব্যর।
মেট্রো স্টেশনের ভিতর ঢুকে কলকাতা পুলিশ এমনভাবে নির্বিচারে কাউকে মারধর করতে পারে কিনা, তাদের সেই এক্তিয়ার আছে কিনা, সেই প্রশ্নও উঠছে। জানা গিয়েছে, পুলিশের মারে জখম বাপি প্রামাণিক নদিয়ার কালীগঞ্জে জেলা পরিষদ আসনে লড়েছিলেন। তিনি বিজেপির যুব মোর্চার নদিয়া উত্তরের সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় সরকারের আওতাধীন সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে পুলিশের এই নির্মম অত্যাচার চালানো নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে স্টেশন মাস্টারের কাছে। ওই যুবককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রাজ্য বিজেপি সভাপতি এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন, পরিস্থিতির খোঁজখবর নেন।
সুকান্ত অভিযোগ করেছেন, কারও হাতে রক্ত ঝরছে দেখে সেখানেই ফের পুলিশ মেরেছে। একজন টিয়ার গ্যাসের শেল ফাটায় অসুস্থ হয়ে পড়েছিলেন। যেখানে শেলটি ফেটেছিল সেদিকেই তাঁকে টানতে টানতে নিয়ে যায় পুলিশ। ফলে ওই প্রতিবাদীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তিনি ভেন্টিলেশনে রয়েছেন।
গেরুয়া বসন পরিহিত জাতীয় পতাকা হাতে যে এগোয় !
— Suvendu Adhikari (@SuvenduWB) August 27, 2024
কাঁদানে গ্যাসের ধোঁয়া হওয়ায় মেলায়, জল কামানের স্রোত নুয়ে পড়ে তাঁর পা ধোয়ায় !!
প্রণাম নেবেন 🙏#নবান্নঅভিযান pic.twitter.com/Qj6CSdlpxI
এদিন হাওড়া ব্রিজের কাছে জলকামানের মুখের সামনে অটল হয়ে থাকতে দেখা গিয়েছিল এক গেরুয়া বসনধারীকে। তাঁর হাতে ছিল জাতীয় পতাকা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন চলোর ডাক দিলেও ছাত্রদের সঙ্গে প্রতি বাড়ি থেকে অন্তত একজনকে আসার আহ্বান জানিয়েছিল। ওই বৃদ্ধ প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন। তাঁকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications