ভুল স্বীকার! ভোটের ফল বের হওয়ার আগে নোয়াপাড়ায় ফের মুখ পুড়ল বিজেপির
মুকুল রায়ের খাসতালুকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভোট-সন্ত্রাসের। গুলি চলেছে বলে দাবি করেও পরে রণে ভঙ্গ দিয়ে বিজেপি জানিয়ে দিল- ‘ওই ছবি ভুয়ো।’
তৃণমূল কংগ্রেস নেত্রীকে দলের প্রার্থী ঘোষণা করে নোয়াপাড়ায় মুখে চুন কালি আগেই মেখে রেখেছিল বিজেপি। এবার ফলাফল বের হওয়ার আগে ফের একবার মুখ পুড়িয়ে বসল মুকুল রায়ের দল। মুকুল রায়ের খাসতালুকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভোট-সন্ত্রাসের। গুলি চলেছে বলে দাবি করেও পরে রণে ভঙ্গ দিয়ে বিজেপি জানিয়ে দিল- 'ওই ছবি ভুয়ো।'

নোয়াপাড়া বিধানসভায় সকাল থেকেই শাসক দলের বিরুদ্ধে ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। সেই অভিযোগের সমর্থনে গুলিবিদ্ধ একজনের ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপে। তা নিয়েই শুরু হয় বিতর্ক। তৃণমূলের তরফে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করে। পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কোথাও কোনও গুলি চলেনি। এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন।
তারপরই টনক নড়ে বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতৃত্বও খতিয়ে দেখে এই অভিযোগের কোনও ভিত্তি নেই। তখনই বিজেপির তরফে এই ঘটনার জন্য ভুল স্বীকার করে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় কেউ ওই ছবি ছড়িয়ে দিয়েছিল বলে জানানো হয়। তা থেকেই বিভ্রান্তি ছড়ায়। বিজেপি সরাসরি কোনও বিতর্কে না গিয়ে, ওই ছবিগুলি যে ভুয়ো ছিল তা জানিয়ে দেওয়া হয়। হোয়াটস অ্যাপেই ভুল স্বীকার করেন বিজেপির মিডিয়া সেলের নেতা।
তবে গুলির ভিডিওটি নকল বললেও, তৃণমূলের এক নেতা বাইরে থেকে ভোটারদের নির্দেশ দেওয়ার যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল, তা আসল বলে বিজেপি অনড়। এদিকে এই ভিডিওটিও নকল বলে দাবি করছে তৃণমূল। যাই হোক না কেন, ভিডিও পোস্ট করে সেটি নকল বলে ভুল স্বীকার করা বিজেপির আরও একটা পরাজয়।
বিজেপি ভোটের ফলাফল প্রকাশ হওয়ার আগেই ফের একবার নোয়াপাড়ায় মুখ পুড়িয়ে ফেলল। তৃণমূল এখন প্রচার শুরু করেছে। প্রথমে প্রার্থী নির্বাচনে মুখে চুন-কালি মেখেছে বিজেপি, তারপর ভোটের দিন মুখ পোড়াল, আর ফলাফল প্রকাশের পর আর মুখ দেখাতেই পারবেন না মুকুল রায়-সহ বিজেপির নেতারা।












Click it and Unblock the Notifications